Uncategorized

বিধানসভায় কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা ঢুকতে পারবেন না, বিধানসভার সিদ্ধান্ত বহাল রাখল হাইকোর্ট

বিধানসভা চত্বরে বিধায়কদের ব্যক্তিগত কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের প্রবেশাধিকার নিয়ে মামলায় হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দেন, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী (পিএসও) সংক্রান্ত বিধানসভার সচিবের নেওয়া সিদ্ধান্ত বহাল থাকবে। বিচারপতির পর্যবেক্ষণ, আদালতের প্রশ্নের উত্তরে বিধানসভার সচিব চিঠি দিয়ে জানিয়েছেন যে সব রাজনৈতিক দলের বিধায়কদের জন্য সমান নিয়ম রয়েছে। ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের বিধানসভার অন্দরে ঢোকার অনুমতি নেই। তাই এই বিষয় বাড়তি শুনানির প্রয়োজন আছে বলে মনে করে না আদালত। তিনি বলেন, “সবার জন্য একই নিয়ম প্রযোজ্য এবং সবাইকে তা মানতে হবে।”

উল্লেখ্য বিধানসভার ভিতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রবেশাধিকার নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর আইনজীবী বিল্বদল ভট্টাচার্যের অভিযোগ ছিল, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিধানসভার প্রাঙ্গণে ঢুকতে দেওয়া উপর নিষেধাজ্ঞা জারি করেছেন বিধানসভার অধ্যক্ষ এবং বাইরে ফুটপাথে বসার জায়গা দেওয়া হয়েছে। রাজ্যের কৌঁসুলি (এজি) কিশোর দত্ত যুক্তি দেন, বিধানসভার গেট দুই ও তিনের মধ্যে বিধায়কদের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের থাকার অস্থায়ী ব্যবস্থা করা হয়েছে। বিধানসভার ভিতরে মার্শালের তত্ত্বাবধানে নির্দিষ্ট নিরাপত্তা রক্ষীরা থাকেন অন্য কোনও রক্ষীদের ঢোকার অনুমতি নেই। এর আগে শুনানিতে রাজ্যের আইনজীবী বলেছিলেন, “সবার জন্য একই নিয়ম রয়েছে কাউকেই জামাই আদর করা হয় না।”

Share with