Uncategorized

“এসআইআর হচ্ছেই” জানালো  নির্বাচন কমিশন, চলতি মাসেই প্রস্তুতি শেষের নির্দেশ

জয় চক্রবর্তী

জল্পনাই শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে। বিহারের পর এবার দেশজুড়েই এসআইআর বা স্পেশাল ইন্টেসিভ রিভিশনে চূড়ান্ত ধাপে এগোলো কেন্দ্রীয় নির্বাচন কমিশন। বুধবার সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ জানিয়ে দিয়েছে, ৩০শে সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যকে প্রস্তুতি সেরে ফেলতে হবে। পশ্চিমবঙ্গে আগামী বছর বিধানসভা নির্বাচন। চলতি মাসের শেষে দুর্গাপুজো। ‌ কিন্তু তার মধ্যেও প্রস্তুতি সেরে রাখতে হবে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন এসআইআর’র বিষয় নিয়ে চূড়ান্ত প্রস্তুতি সেরে রাখতে নির্দেশ দিয়েছে। অক্টোবর মাসের যেকোনও দিন থেকেই এই প্রক্রিয়া শুরু হতে পারে। অন্তত তেমনটাই মনে করা হচ্ছে। এসআইআর কবে থেকে শুরু হবে সে নিয়ে নির্বাচন কমিশন স্পষ্ট ভাবে সময় বলেনি। তবে চলতি মাসের মধ্যে যেহেতু প্রস্তুতি সেরে রাখার নির্দেশ দিয়েছে, এক্ষেত্রে মনে করা হচ্ছে অক্টোবরের যেকোনো সময় থেকেই চূড়ান্ত পর্বের কাজ শুরু হবে। ইতিমধ্যেই বিহারে সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। যদিও সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে, কমিশন সেসব বিষয় নিয়েও আলোচনা করেছে বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গে শেষ এসআইআর হয়েছিল ২০০২ সালে।
এ ক্ষেত্রে ২০০২ সালের ভোটার তালিকাকে প্রামাণ্য ধরা হতে পারে। অর্থাৎ, ২০০২ সালের পর যাদের নাম ভোটার তালিকায় উঠেছে, তাদের নথি দেখাতে হবে। তবে, অভিভাবকের নাম যদি ২০০২ সালের তালিকায় থেকে থাকে, তাহলে আলাদা কোনও নথি লাগবে না। অভিভাবকের নাম না থাকলে অবশ্য অতিরিক্ত প্রমাণপত্র জমা দিতে হতে পারে। এদিকে বুথ বিন্যাস সংক্রান্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই বঙ্গের সিইও মনোজ কুমার আগরওয়ালের নেতৃত্বে স্বীকৃত রাজনৈতিক দলগুলোকে নিয়ে সর্বদলীয় বৈঠক হয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেস
এসআইআর সম্পর্কে বিরোধিতা প্রকাশ করেছে। তবে বুথ সংখ্যা বৃদ্ধির ইঙ্গিত আগেই মিলেছিল কমিশনের তরফ থেকে।

Share with