রবীন্দ্রনাথ-বঙ্কিমের ছবি পায়ের কাছে রেখে বক্তব্য, বিতর্কে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার
রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি পায়ের কাছে রেখে বক্তব্য রাখলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। আর সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, “বাঙালিকে কখনওই সম্মান করেনি বিজেপি। রবীন্দ্রনাথ-বঙ্কিমকে অসম্মান করার ঘটনাই তার প্রমাণ।”
সম্প্রতি তৃণমূলের এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয় একটি ছবি। সেখানে দেখা যায়, সুকান্ত মজুমদার একটি অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন। তাঁর পায়ের কাছে রাখা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি। মুহূর্তে ভাইরাল হয় সেই দৃশ্য।তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও বিধায়ক তথা মন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক বৈঠকে বলেন,
“রবীন্দ্রনাথ-বঙ্কিমচন্দ্রের ছবি পায়ের কাছে রাখা মানে শুধু অসম্মান নয়, এ বাংলার সংস্কৃতিকে পদদলিত করা। একজন অধ্যাপক হয়েও, আবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হয়ে সুকান্তবাবু কীভাবে এ কাজ করলেন, তার উত্তর বাংলার মানুষ চান। তাঁকে ক্ষমা চাইতেই হবে।”
তৃণমূলের আরও দাবি, বিজেপির মানসিকতা থেকেই এই ঘটনা স্পষ্ট—“বাংলার ঐতিহ্য, বাংলার গর্বকে তারা কখনওই মর্যাদা দেয় না।”
অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে রাজ্যে এই ঘটনা যে নতুন করে বিতর্ক তৈরি করবে, তা নিশ্চিত।

