স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগে আদালতে শুভেন্দু অধিকারী
আদালতের নির্দেশ অমান্য করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়,এমনই গুরুতর অভিযোগ তুলে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশের অনুমতি দিয়ে আদালত অবমাননা করেছেন স্পিকার।
বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিংহের দৃষ্টি আকর্ষণ করেন শুভেন্দু। আদালত মামলার প্রাথমিক নথি খতিয়ে দেখে মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।এর আগে শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ হাই কোর্টে আবেদন জানিয়েছিলেন,তাঁদের দলের বিধায়কদের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের যেন বিধানসভা চত্বরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। অভিযোগ ছিল, রাজ্য পুলিশের কর্মীরা বিধানসভায় ঢুকতে পারলেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
সেই মামলায় আদালত স্পিকার ও বিধানসভার সচিবের কাছ থেকে রিপোর্ট চেয়েছিল। সচিব রিপোর্টে জানান,মন্ত্রী, বিধায়ক-সহ সকল সদস্যের জন্যই একটি নোটিস জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, কোনও সদস্য ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভার অন্দরে প্রবেশ করতে পারবেন না।
আদালত নির্দেশ দিয়েছিল, এই রিপোর্ট যেন কঠোরভাবে মানা হয়, এবং সব বিধায়ক, মন্ত্রীদের ক্ষেত্রেই তা সমানভাবে প্রযোজ্য হবে।
রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেন, মুখ্যমন্ত্রী ছাড়া কোনও বিধায়ক বা মন্ত্রী দেহরক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশ করতে পারবেন না। তবে তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা অস্ত্র নিয়ে বিধানসভায় আসেন না। একই ধরনের নিয়ম লোকসভা ও দেশের অন্যান্য বিধানসভাতেও কার্যকর রয়েছে বলেও তিনি জানান।

