দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রক্তারক্তি কান্ড
শুক্রবার দুপুরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ঘটল রক্তাক্ত ঘটনা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বন্ধুদের সঙ্গে মেট্রোতে আসা এক ছাত্রকে বচসার জেরে তারই এক বন্ধু ছুরি দিয়ে কোপায়। গুরুতর জখম অবস্থায় ওই ছাত্রকে তড়িঘড়ি বরাহনগর স্টেট হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানেই মৃত্যু হয় তার।
পুলিশ সূত্রে খবর, দুপুর আড়াইটে নাগাদ এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্টেশন থেকে বের হওয়ার আগেই ছাত্রদের মধ্যে ঝামেলা শুরু হয়। প্রথমে কথা কাটাকাটি থেকে হাতাহাতি, পরে ছুরিকাঘাত। সঙ্গে সঙ্গেই রক্তে ভেসে যায় স্টেশনের নন-টিকিটিং এলাকা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। গোটা স্টেশন ঘিরে তদন্ত শুরু হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা জানার চেষ্টা চলছে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশনের বাইরে এলাকায় রক্তের দাগ নজরে আসার পরই পুলিশকে খবর দেওয়া হয়। এর আগে কলকাতা মেট্রোর ইতিহাসে এমন ঘটনা ঘটেছে কি না, তা মনে করতে পারছেন না কেউই।

