Uncategorized

হাই কোর্টের নির্দেশ লঙ্ঘন, সতর্ক করা হল শুভেন্দুকে

প্রাক্তন সেনা আধিকারিকদের ধর্না কর্মসূচিতে অংশ নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশ ভঙ্গ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমন অভিযোগ উঠল। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেন, ভবিষ্যতে আদালতের নির্দেশ মানা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সূত্রপাত বুধবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে প্রাক্তন সেনা আধিকারিকদের একাংশ ধর্নার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন। আদালত শর্তসাপেক্ষে অনুমতি দেয়—বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ধর্না চলতে পারে, তবে বিজেপির কোনও নেতা-কর্মী উপস্থিত থাকতে পারবেন না। কিন্তু বৃহস্পতিবার সেই কর্মসূচিতে হাজির হন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সেনাকে অপমানের অভিযোগ তোলেন তিনি। এরপরই রাজ্যের তরফে আদালতের নজরে আনা হয় এই বিষয়টি।আদালতে শুভেন্দুর আইনজীবী যুক্তি দেন, বিরোধী দলনেতা নির্দেশের বিষয়ে অবগত ছিলেন না এবং তিনি মঞ্চে ওঠেননি। তবে বিচারপতি শুভেন্দুকে সতর্ক করে দেন,এমন ঘটনা ভবিষ্যতে আর সহ্য করা হবে না।

Share with