হেডলাইন

দুর্গাপুজোর আগেই রাস্তার গর্ত মেরামতের নির্দেশ, জেলাশাসকদের কড়া বার্তা মুখ্য সচিবের

দুর্গাপুজোর আগে রাজ্যের রাস্তাঘাট নিয়ে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব। নবান্ন সূত্রে খবর, রাজ্যের একাধিক রাস্তায় ও জাতীয় সড়কে গর্ত হয়ে রয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে অবিলম্বে প্যাচওয়ার্কের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার সমস্ত জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মুখ্য সচিব জানিয়েছেন, উৎসবের মরশুমে রাস্তার জন্য কোনওভাবেই যাতে মানুষের সমস্যায় পড়তে না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি মুখ্য সচিব মনোজ পন্থ আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে জেলা শাসকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর।এছাড়াও ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। টেন্ডারের কাজ শীঘ্র সম্পন্ন করে সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়াতে হবে বলেও জানিয়েছেন মুখ্য সচিব। বৈঠকে উঠে এসেছে ‘শ্রমশ্রী’ প্রকল্প সম্পর্কিত তথ্যও। জানা গিয়েছে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলাগুলি থেকে প্রচুর সংখ্যক পরিযায়ী শ্রমিক আবেদন করেছেন। সেই আবেদনগুলি দ্রুত স্ক্রুটিনি করে প্রক্রিয়া শুরু করার নির্দেশও দেন মুখ্য সচিব।
প্রশাসনিক মহল মনে করছে, পুজোর আগে রাস্তাঘাট ও পরিকাঠামোগত কাজ সম্পন্ন করতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবান্নের স্পষ্ট বার্তা মানুষের অসুবিধা যাতে না হয় সেদিকে জেলা প্রশাসনকে নজর দিতে হবে।

Share with