নিউটাউনের ইকো পার্কের কাছেই তৈরি হচ্ছে দুর্গাঙ্গন-থাকবে গবেষণাগার
কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ডের অর্থেই এবার রাজ্যে তৈরি হতে চলেছে ‘দুর্গাঙ্গন’। মুখ্যসচিব মনোজ পন্থ হিডকো ও পর্যটন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকেই ‘দুর্গাঙ্গন’ তৈরির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
নিউ টাউনে দুর্গাঙ্গনের জন্য জমি ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে। নবান্ন সূত্রের দাবি, এই দুর্গাঙ্গনে থাকবে একটি আধুনিক সংগ্রহশালা, যেখানে দুর্গাপুজোকে কেন্দ্র করে শিল্পকলা, মূর্তি নির্মাণের ঐতিহ্য, বিভিন্ন উপকরণ এবং রাজ্যের সাংস্কৃতিক বৈচিত্র্যের নিদর্শন প্রদর্শিত হবে। এছাড়াও গবেষকদের জন্য একটি সমৃদ্ধ তথ্যভান্ডার গড়ে তোলা হবে, যাতে দুর্গাপুজোর ইতিহাস, সামাজিক প্রভাব এবং সাংস্কৃতিক তাৎপর্য নিয়ে গবেষণা সম্ভব হয়। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাঙ্গন হবে বলে ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা মত রাজ্য সরকার পরবর্তী পদক্ষেপ নিতে শুরু করেছে। ইতিমধ্যেই দিঘাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। এবার রাজ্যে হচ্ছে দুর্গাঙ্গন।
পর্যটন দপ্তরের তরফে জানানো হয়েছে, এই প্রকল্প বাস্তবায়িত হলে আন্তর্জাতিক পর্যায়েও বাংলার দুর্গাপুজো আরও বড় পরিসরে তুলে ধরা সম্ভব হবে। হিডকোর দায়িত্ব থাকবে কাঠামো উন্নয়নের।

