দৃষ্টিহীনদের আইনি অধিকার সহজলভ্য করতে নয়া উদ্যোগ
সুবর্ণজয়ন্তী বর্ষে আইনি সাম্যতা রক্ষা ও আইনি আধিকারকে সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল কলকাতাস্থিত পশ্চিমবঙ্গ জাতীয় জুরিডিকাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (NUJS)। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নির্মলকান্তি চক্রবর্তী পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের হাতে ভারতীয় সংবিধানের একটি ব্রেইল সংস্করণ হস্তান্তর করেন। দেশের সব নাগরিককে আইনি সাম্যতা দেওয়া এবং আইনের বিধানকে সমাজের সর্বস্তরে সহজলভ্য করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্মলকান্তি চক্রবর্তী। এই উদ্যোগ দৃষ্টিহীন ব্যক্তিদের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধির জন্য অত্যন্ত উপযোগী বলে জানিয়েছেন বিধানসভা অধ্যক্ষও। দৃষ্টিহীনদের বিষয়ে NUJS-এর দৃষ্টিভঙ্গি কি তাও এই উদ্যোগের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। ব্রেইল সংস্করণটি সংবিধানে সহজে প্রবেশাধিকার করার মত করেই ডিজাইন করা হয়েছে বলে জানানো হয়েছে। যাতে দৃষ্টিহীনরা দেশের মূল আইনি দলিলের সাথে সংযুক্ত হতে পারেন তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ যথেষ্ট কার্যকরী ভুমিকা গ্রহণ করবে বলেও মনে করা হচ্ছে।

