মহালয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গান প্রকাশ
পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। মহালয়ার দিনে বাঙালির উৎসবের আবহে নিজের সৃষ্ট আগমনি গান প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এক্স হ্যান্ডলে পোস্ট করেন সেই গানের ভিডিও। শস্যশ্যামল বাংলার ঘরে ঘরে উমাকে আবাহনের বার্তা নিয়ে এই গানটির কথা ও সুর মুখ্যমন্ত্রীর নিজস্ব রচনা। গানটি পরিবেশন করেছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন।
গানের লাইন— “ধনধান্যে ভরে, মা এসেছেন ঘরে”— ইতিমধ্যেই জনপ্রিয়তা পেতে শুরু করেছে। জানা গিয়েছে, বিভিন্ন পুজোমণ্ডপে বাজবে মুখ্যমন্ত্রীর এই নতুন আগমনি গান।
মহালয়ার সকালে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, “জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী”। শনিবারই কলকাতার তিনটি নামী পুজোমণ্ডপ উদ্বোধনের সময় তিনি এই গানের কথা প্রকাশ করেছিলেন। গান তৈরির প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
“আমি শিল্পী নই। তবে ছোটবেলায় গান শিখেছিলাম, বাদ্যযন্ত্র বাজাতেও পারি। অনেকেই বলেন, আমি গান লিখি, গাই। তবে আমি ততটা পারি না। পুজোর সময় আমি প্রতি বছর অন্তত একটি গান লিখি ও সুর করি। এবারও করেছি। গানটির মূল ভাবনা আমাদের কৃষকদের নিয়ে। বাংলার মাটি কৃষিপ্রধান, কৃষকই আমাদের অন্নদাতা। সারাবছর তাঁরা আমাদের মুখে অন্ন জোগান। তাই মায়ের কাছে প্রার্থনা, তাঁদের ধানের গোলা ভরে উঠুক। মায়ের আগমন যেন তাঁদের জীবনে আশীর্বাদ হয়ে আসে।”

