এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে রাজারহাট ও পুর্ব মেদিনীপুরকেই বাছলেন ডেপুটি নির্বাচন কমিশনার
সুদীপ্ত চট্টোপাধ্যায়
এস আই আর প্রস্তুতির খোঁজখবর নেওয়ার পাশাপাশি ভোটার তালিকায় গরমিল এবং বিএলও-দের কার্যকারিতা কতটা সক্রিয় তা খতিয়ে দেখতে চান ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। আর সেকারণে উত্তর ২৪ পরগনার রাজারহাট এবং পূর্ব মেদিনীপুর সহ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাকে বেছে নিলেন ডেপুটি নির্বাচন কমিশনার। আগামী ৭ অক্টোবর রাতেই দুদিনের সফরে কলকাতায় আসছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। এস আই আর নিয়ে বৈঠকের পাশাপাশি ৮ এবং ৯ অক্টোবর জেলা সফরে যাবেন তিনি। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বৈঠক এবং ভিডিও কনফারেন্স শেষ করে প্রথমে উত্তর চব্বিশ পরগনার রাজারহাটে যাবেন জ্ঞানেশ ভারতীসহ কমিশনের প্রতিনিধিদল। সেখানে সংশ্লিষ্ট এইআরও এবং বিএলও-দের সঙ্গে বৈঠক করবেন কমিশনের প্রতিনিধিদল। এরপর তাঁরা যাবেন জেলাসদর বারাসাতে। সেখানে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক, অতিরিক্ত জেলাশাসক এবং ইআরও-দের নিয়ে বৈঠক করবেন। পরদিন অর্থাৎ ৯ অক্টোবর কোলাঘাটে যাবেন কমিশনের প্রতিনিধিরা। সেখানে তিন জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের ইআরও, এইআরও এবং বেশ কিছু সংখ্যক বিএলও-দের নিয়ে বৈঠক করবেন। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া সফরসূচি অনুযায়ী ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, নির্বাচন কমিশনের তথ্যপ্রযুক্তি দপ্তরের ডিরেক্টর জেনারেল সীমা খান্নাসহ প্রতিনিধি দলের প্রাথমিক কর্মসূচিতে একথাই জানানো হয়েছে। আর এই কর্মসূচি থেকেই স্পষ্ট যে ভোটার তালিকায় গরমিলে অভিযুক্ত এলাকাগুলির ইআরও, এইআরও এবং বিএলও-দের সঙ্গে কথা বলে সরেজমিনে পরিস্থিতির হাল হকিকত বুঝতে চায় নির্বাচন কমিশন।
ইতিমধ্যেই দুটি দফায় ভোটার তালিকায় গরমিলের জন্য নির্বাচন কমিশনের কাছে নির্দিষ্ট হিয়ারিং-এর পর সংশ্লিষ্ট ইআরও এবং এইআরও-দের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করে রিপোর্ট পাঠিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। প্রথম দফায় পূর্ব মেদিনীপুরের ময়না এবং দক্ষিণ ২৪ পরগনার পূর্ব বারুইপুর বিধানসভা এলাকার ক্ষেত্রে শাস্তির সুপারিশ ইতিমধ্যেই কার্যকরী করেছে রাজ্য সরকার। যদিও এফআইআর পর্ব এখনও হয়নি। দ্বিতীয় দফায় উত্তর ২৪ পরগনার রাজারহাট-গোপালপুর বিধানসভা এবং পূর্ব মেদিনীপুরের নন্দকুমার বিধানসভার দুজন ইআরও এবং দুজন এইআরও সহ মোট ছয়জনের বিরুদ্ধে শাস্তির সুপারিশ এখনও নির্বাচন কমিশনের বিবেচনাধীন। এই পরিস্থিতিতে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনারের নেতৃত্বে প্রতিনিধিদলের রাজারহাটে এবং উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক একইসঙ্গে কোলাঘাটে গিয়ে পূর্ব মেদিনীপুর সহ তিন জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

