হেডলাইন

রাজ্যে এসআইআর ঢাকে কাঠি, প্রস্তুতি ও অভিযোগ-তথ্য খতিয়ে দেখতে কমিশনের যাচাই বৈঠক

 

সুদীপ্ত চট্টোপাধ্যায়

দুর্গাপুজো মিটতেই রাজ্যে এসআইআর-এর ঢাকে কাঠি। যাবতীয় প্রস্তুতির তথ্যতালাশ শুরু করল নির্বাচন কমিশন। সেই উদ্দেশ্যেই দুদিনের সফরে রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার তথা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত জ্ঞানেশ ভারতী। সঙ্গী নির্বাচন কমিশনের তথ্য প্রযুক্তি বিভাগের ডিজি সীমা খান্না ও অন্যান্য আধিকারিকরা। শুধু এসআইআর প্রস্তুতির খোঁজখবরই নয়, ভোটার তালিকার স্বচ্ছতা এবং যোগ্য ভোটারদের ভোটাধিকার রক্ষায় রাজ্যের নির্বাচন কর্মীরা কতটা স্বচ্ছ ও নিরপেক্ষ ভূমিকা পালন করছেন সেটাও খতিয়ে দেখতে চান কমিশনের প্রতিনিধিদল। রাজ্যে এসআইআর প্রস্তুতি খুঁটিয়ে দেখার পাশাপাশি ভোটার তালিকায় গরমিলের তথ্য যাচাই, ভোটার ম্যাপিং, বুথের পুনর্বিন্যাস সংক্রান্ত অভিযোগ যাচাই এবং ভোটারদের নাম সংযোজন, বিয়োজন, স্থানান্তর বা অভিযোগের যাচাইয়ের কাজ খতিয়ে দেখবেঁ তাঁরা। দুদিনের সফরে সিইও দফতরে দফায় দফায় বৈঠকের পাশাপাশি জেলাস্তরে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে চান সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। আর ঠিক সে কারণেই রাজ্য সিইও দপ্তরে বৈঠক ও ভিডিও কনফারেন্স শেষ করে উত্তর ২৪ পরগনার রাজারহাট এবং পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে আলাদা আলাদা ভাবে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন কমিশনের প্রতিনিধিরা। ৮ অক্টোবর সকাল ১০ টা থেকে রাজ্য সিইও দপ্তরে বৈঠক ও ভিডিও কনফারেন্সের পরেই দুপুরে রাজারহাট এবং বিকেলে উত্তর ২৪ পরগনা জেলা সদর বারাসাতে জেলাশাসকের দপ্তরে বৈঠক করবেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার ও প্রতিনিধিদল। ৯ অক্টোবর সকাল থেকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া ও ঝাড়গ্রাম এই তিন জেলার সমস্ত স্তরের নির্বাচন কর্মীদের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধিদল। প্রতিটি বৈঠকেই উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও মনোজ কুমার আগরওয়াল।

লক্ষণীয় যে, উত্তর ২৪ পরগনার রাজারহাট- গোপালপুর, দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়না ও নন্দকুমার এই চার বিধানসভা ক্ষেত্র থেকেই ভোটার তালিকায় ব্যাপক গরমিলের অভিযোগ ওঠে।
প্রথম দফায় ময়না ও বারুইপুর পূর্ব বিধানসভার ক্ষেত্রে অভিযুক্ত ইআরও, এইআরও এবং ডাটা এন্ট্রি অপারেটরদের বিরুদ্ধে কমিশনের শাস্তির সুপারিশ সিংহভাগ কার্যকর করেছে রাজ্য সরকার। যদিও এফআইআর পর্ব এখনও বাকি রয়েছে। দ্বিতীয় দফায় রাজারহাট-গোপালপুর এবং নন্দকুমার বিধানসভার ক্ষেত্রে মোট ছয় অভিযুক্তের বিরুদ্ধে শাস্তির সুপারিশ এখনও নির্বাচন কমিশনের বিবেচনাধীন। এমতাবস্থায় জেলাস্তরে বৈঠকের ক্ষেত্রে স্থান নির্বাচনের সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর সকাল ১০ টা থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বৈঠক এবং ভিডিও কনফারেন্স শুরু হবে। যেখানে রাজ্যের সমস্ত জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক, অতিরিক্ত জেলাশাসক (নির্বাচন), মহকুমাশাসক, ওসি (নির্বাচন) এবং ইআরও-দের উপস্থিতি বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। এই বৈঠক তথা ভিডিও কনফারেন্সে মূলত রাজ্যে এসআইআর করার জন্য ভিত্তিবর্ষ ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে সাম্প্রতিক ভোটার তালিকার ভোটার ম্যাপিংয়ের কাজ যাচাই, ভোটারদের নাম সংযোজন, বিয়োজন, স্থানান্তর বা অভিযোগের যাচাইকরণ, ভোটের বুথ পুনর্বিন্যাসের কাজে অগ্রগতি যাচাই, এনুমারেশন ফর্ম ছাপানোর প্রস্তুতি, বিএলও নিয়োগ ও তাদের প্রশিক্ষণ একইসঙ্গে স্বেচ্ছাসেবক নিয়োগের স্ট্যাটাস এবং সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে। সিইও দফতরের কর্মসূচি শেষ করে প্রতিনিধিদল রাজ্যের সিইও-কে সঙ্গে নিয়ে যাবেন রাজারহাটে জেলা পরিষদ ভবনে। রাজারহাট-নিউটাউন এবং রাজারহাট-গোপালপুর এই দুই বিধানসভা কেন্দ্রের সব ইআরও এবং এইআরও, দুই কেন্দ্রের সব সুপারভাইজার এবং বিএলও-দের হাজির থাকতে বলা হয়েছে সেই বৈঠকে। উপস্থিত থাকবেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক, অতিরিক্ত জেলাশাসক (নির্বাচন) এবং জেলার ওসি (নির্বাচন)। এরপর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বারাসাতে উত্তর ২৪ পরগনার জেলাশাসকের দপ্তরে বৈঠকে বসবে প্রতিনিধিদল। এই বৈঠকে জেলাস্তরের নির্বাচনী কর্তাদের পাশাপাশি জেলার সমস্ত ইআরও, সিস্টেম ম্যানেজার এবং সহকারি সিস্টেম ম্যানেজারদের থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ৮ অক্টোবরের ম্যারাথন বৈঠকের পর ৯ অক্টোবর প্রতিনিধিদল যাবে কোলাঘাট অডিটোরিয়ামে। সকাল দশটা থেকে এই অডিটোরিয়ামে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রাম এই তিন জেলার জেলাস্তরের নির্বাচনী আধিকারিকসহ তিন জেলার সব ইআরও,এইআরও, সিস্টেম ম্যানেজার এবং সহকারি সিস্টেম ম্যানেজারদের হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। দুদিনের এই যাবতীয় কর্মসূচির জন্য প্রতিটি জেলা প্রশাসনকে ৭ অক্টোবরের মধ্যে রাজ্য সিইও দপ্তরে এস আই আর প্রস্তুতি সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।

Share with