বুথ লেভেল এজেন্ট নিয়োগে এগিয়ে বিজেপি
রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হতেই রাজনৈতিক দলগুলি বুথ লেভেল এজেন্ট বা বিএলএ নিয়োগে জোর বাড়িয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রতিটি বুথে একজন করে এজেন্ট থাকা বাধ্যতামূলক। এই অবস্থায় এখন পর্যন্ত সংখ্যার নিরিখে এগিয়ে বিজেপি। রাজ্যের মোট বুথের মধ্যে বিজেপি এখন পর্যন্ত ২৪,৮৫৮টি বুথে এজেন্ট নিয়োগ করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে সিপিআই(এম)। তাদের এজেন্টের সংখ্যা ১৮,৭০৬। শাসক দল তৃণমূল কংগ্রেস দিয়েছে ১৩,৫২৬টি বুথে এজেন্ট।কংগ্রেস দিয়েছে ৫,৭৫৭টি, আর ফরওয়ার্ড ব্লক দিয়েছে ১,০৫৩টি বুথ লেভেল এজেন্ট। নির্বাচনী প্রস্তুতি আরও গতি পেতে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সব জেলা শাসকদের বিশেষ নির্দেশ দিয়েছেন। নির্দেশে বলা হয়েছে, প্রতিটি জেলা প্রশাসন যেন রাজনৈতিক দলগুলির সঙ্গে যোগাযোগ রেখে বুথ লেভেল এজেন্ট নিয়োগের গতি বাড়াতে উদ্যোগ নেয়।
নির্বাচন কমিশনের মতে, সঠিক ও নিরপেক্ষ ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে বুথ লেভেল এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেক রাজনৈতিক দলকে দ্রুত বুথ লেভেল এজেন্ট সংখ্যা পূরণ করতে বলা হয়েছে।

