হেডলাইন

অনলাইনে নতুন ভোটার কার্ড করতে বাধ্যতামূলক হল আধার কার্ড

সুদীপ্ত চট্টোপাধ্যায়

আধার কার্ড নাগরিকত্বের প্রামাণ্য নথি নয়। তাই
এসআইআর প্রক্রিয়ায় তথ্য প্রমাণ হিসেবে আধার কার্ড গ্রহণযোগ্য কিনা তা নিয়ে সুপ্রিম কোর্টে জল গড়িয়েছে। তবে আধার কার্ড একজন ব্যক্তিকে চিহ্নিতকরণের অন্যতম প্রমাণ হিসেবে বিবেচিত। পাশাপাশি ই-সিগনেচার মিলিয়ে নেওয়ার ক্ষেত্রেও এই সিদ্ধান্ত যথেষ্ট উপযোগী ।সেকথা মাথায় রেখেই নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করার ক্ষেত্রে অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণে যেমন আধার কার্ড বাধ্যতামূলক তেমনি ভোটার তালিকায় নতুন করে নাম তোলার ক্ষেত্রে অনলাইন আবেদনে আধার কার্ড নম্বর এবং আধার-মোবাইল সংযোগ থাকা আবশ্যিক করেছে কমিশন। শুধু নতুন ভোটারদের নাম তোলার ক্ষেত্রেই নয়, ভোটার কার্ডে তথ্য পরিবর্তন বা সংশোধন এবং ভোটার কার্ডে ডিলিশন করার ক্ষেত্রেও ভোটার কার্ড অত্যাবশ্যক হিসেবেই বিবেচনা করছে নির্বাচন কমিশন। আগামী ৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় এসআইআর চালু হওয়া ১২ রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। তারপর একমাসব্যাপী নতুন ভোটার হওয়ার জন্য ফর্ম ৬ , ভোটার কার্ড বাতিল বা ডিলিশনের জন্য ফর্ম ৭ এবং ভোটার কার্ড সংশোধনের জন্য ফর্ম ৮ পুরণ করা যাবে। আর প্রতিটি ক্ষেত্রেই অনলাইনে ফর্ম পূরণে আধার কার্ড বাধ্যতামূলক বলে জানিয়েছে কমিশন। উল্লেখযোগ্য, এই পদ্ধতিগুলির জন্য এতদিন আধার সং যোগ ঐচ্ছিক ছিল। এনুমারেশন ফর্ম পূরণ করার ক্ষেত্রে নির্বাচন কমিশন যে নির্দেশিকা জারি করেছিল তা সম্পূর্ণরূপে খতিয়ে দেখে ভবিষ্যতের কথা ভেবেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে কমিশন সূত্রে খবর। তার কারণ আধার কার্ডের নম্বর যা ব্যাংক একাউন্টের সঙ্গে সংযোগ করা থাকে এবং সরকারি সব সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রত্যেক স্কীমের সঙ্গে আধার কার্ড সংযুক্ত থাকে। তাই সঠিক ব্যক্তিকে চিহ্নিত করতে এবার থেকে অনলাইনে নতুন ভোটার কার্ড করতে গেলে আধার কার্ডকে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। যেখানে আধার কার্ডের সই বা অনলাইন সিগনেচার যাচাই করে নিতে পারবে নির্বাচন কমিশন ।

Share with