হেডলাইন

নোডাল এজেন্সিদের কাজের সমন্বয়ে নয়া অ্যাপ, রাজ্যে আর্থিক জোন চিহ্নিত করার নির্দেশ

 

সুদীপ্ত চট্টোপাধ্যায়

হাতে আর সময় বেশি নেই। তাই রাজ্যে এসআইআর প্রাথমিক পর্বের শেষ দিনেই ২৫ টি নোডাল এজেন্সিকে নিয়ে নির্বাচনের দামামা আরও একধাপ এগিয়ে নিল রাজ্যের সিইও দপ্তর। মূলত রাজ্যের সীমান্তবর্তী এলাকা এবং যে বিধানসভা কেন্দ্রগুলিতে আর্থিক কার্যকলাপ বেশি সেই এলাকাগুলোকে চিহ্নিত করে এখন থেকেই কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে এজেন্সিগুলিকে। সমস্ত এজেন্সিগুলি যাতে সমন্বয় রেখে একযোগে কাজ করতে পারে সেজন্য কমিশনের পরামর্শে একটি বিশেষ অ্যাপস বা অ্যাপলিকেশনের ব্যবস্থা করা হচ্ছে। ইলেকশন সিজার ম্যানেজমেন্ট সিস্টেম বা ‘ইএসএমএস’ নামের এই অ্যাপসে ২৫ টি নোডাল এজেন্সি নিজেদের সমস্ত কার্যকলাপ আপলোড করবে। ‌ এজেন্সিগুলো কি কি সামগ্রী সিজ করছে বা কোথায় কত গ্রেপ্তার করা হচ্ছে অথবা অবৈধ টাকা উদ্ধার হচ্ছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ এই অ্যাপে আপলোড করবে। ‌ বৃহস্পতিবার ২৫ টি এজেন্সির সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এই অ্যাপটি সরাসরি নির্বাচন কমিশনের নজর থাকবে এবং নির্বাচন কমিশনের সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকবে। যে সমস্ত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আলোচিত হয়েছে বৃহস্পতিবারের বৈঠকে তার মধ্যে অন্যতম এক্সপেন্ডিচার সেনসিটিভ কনস্টিটিউয়েন্সি এবং এক্সপেন্ডিচার পকেট চিহ্নিতকরণ। এটা প্রাথমিক কাজ হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। ‌অর্থ্যৎ, যে যে বিধানসভা কেন্দ্র বা এলাকায় বেশি আর্থিক লেনদেন হয় সেই জায়গাগুলোকে চিহ্নিত করে এখন থেকেই নজরদারির কাজ শুরু করবে এজেন্সিগুলো।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটি এজেন্সির একজন করে নোডাল অফিসারদের নাম চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে এদিনের বৈঠকে।

Share with