হেডলাইন

কমিশনের নির্দেশ না মানায় চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়তে পারেন বহু ভোটার

  1. সুদীপ্ত চট্টোপাধ্যায়

কমিশন নির্দেশিত নথি না দেওয়াতেই চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়তে চলেছেন বহু ভোটার। জানা গেছে, নির্বাচন কমিশনের নির্দেশিত নথি ছাড়াই রাজ্যের জেলায় জেলায় শুনানি পর্বে তথ্য আপলোড করা হয়েছে। নির্দিষ্টভাবে সংখ্যা জানা না গেলেও ইতিমধ্যেই তা বহু লক্ষ হযেছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মাস্টার লেভেল চেকিং করতে গিয়ে এই ধরনের বহু অসঙ্গতি একাধিক জেলায় ধরা পড়েছে। মূলত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই ধরনের অসংগতি সবচেয়ে বেশি বলে জানা গেছে। এর পাশাপাশি বীরভূম পশ্চিম বর্ধমান ও আরো একাধিক জেলায় এই অসংগতির তথ্য মাস্টার লেভেল চেকিংয়ে ধরা পড়েছে বলে খবর।কমিশনের নির্দিষ্ট নথি ছাড়া যেসব ভোটারের তথ্য আপলোড করা হয়েছে সেই ভোটারদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় জায়গা পাবে না। এ ধরনের ভোটারদের দ্বিতীয়বার শুনানিতে ডাকা হবে না বলেও জানিয়েছে কমিশন। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিশেষ রোল পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন ” কমিশন একাধিকবার নির্দিষ্ট ভাবে জানিয়েছে যে নথিভুক্ত প্রমাণ পত্র ছাড়া কোন তথ্য আপলোড করা যাবে না অথবা শুনানি পর্বে গৃহীত হবে না। তা সত্ত্বেও জেলায় জেলায় এ ধরনের যা যা আপলোড হয়েছে সেই সংশ্লিষ্ট ভোটারদের নাম বাতিল বলে গণ্য হবে।” উল্লেখযোগ্য, শুনানির নোটিশে কোন কোন নথি শুনানিকেন্দ্রে গ্রহণ করা হবে তা স্পষ্ট উল্লেখ করা হয়েছিল। একইসঙ্গে উল্লেখ করা হয়েছিল যে ভোটার যে নথি জমা দেবেন সেই নথিকে ভোটারের যুক্তিসঙ্গত প্রামাণ্য নথি হিসেবে ধরে নেওয়া হবে। হলে সে ক্ষেত্রে ওই ভোটারকে দ্বিতীয় সুযোগ দেওয়ার প্রশ্নই নেই বলে জানিয়েছেন আধিকারিকরা। তবে এখনই এনিয়ে শুনানির দায়িত্বে থাকা নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে চায় না কমিশন। শুনানির কাজ অব্যাহত রাখতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। অবশ্য চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ গেলেও উপযুক্ত প্রমাণসহ ফর্ম ৬ পুরণ করে ফের ভোটার তালিকায় নাম তোলার সুযোগ থাকবে। যদিও ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তাঁর ভোটাধিকার থাকবে না।

বৃহষ্পতিবারই রাজ্যে পৌঁছেছেন ডেপুটি নির্বাচন কমিশনার তথা দেশজুড়ে ভোটার তালিকার পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত সঞ্জয় কুমার। এদিন বিকেলে বিমানবন্দর থেকে সোজা উত্তর ২৪ পরগনা জেলা নির্বাচনী আধিকারিক এর দপ্তরে যান তিনি। শুনানি পর্ব এবং নথি যাচাইয়ের কাজ কিভাবে চলছে তা নিজে পরিদর্শন করেন। শুক্রবার তিনি দক্ষিণ ২৪ পরগনা জেলায় পরিদর্শনে যাবেন বলে জানা গেছে। শুক্রবার বেলা ১১ টা থেকে এক ঘন্টার জন্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক হবে সিইও দপ্তরের যেখানে উপস্থিত থাকবেন সঞ্জয় কুমার সহ রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল, বিশেষ রোল পর্যবেক্ষক সুব্রত গুপ্ত সহ অন্যান্য আধিকারিকরা। নির্দিষ্টভাবে নির্দেশ সত্বেও জেলায় জেলায় কেন ব্যাপক হারে এ ধরনের তথ্যগত অসঙ্গতি হল তা নিয়ে আলোচনা হওয়ার কথা। এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন জেলা নির্বাচনী আধিকারিক ও সংশ্লিষ্ট ইআরও -রা। এই ভার্চুয়াল বৈঠকের পর সিইও দফতরের সমস্ত আধিকারিক এবং পর্যবেক্ষকদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন ডেপুটি নির্বাচন কমিশনার। এরপর দক্ষিণ ২৪ পরগনা জেলা পর্যবেক্ষণে যাওয়ার কথা তাঁর।

Share with