পিছোবে কি এসআইআর ? শুনানি পর্বের ডেডলাইন পিছোনর আর্জি একাধিক জেলার
সুদীপ্ত চট্টোপাধ্যায়
নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যে এসআইআর শুনানি পর্ব শেষ হবে কি ? শুধু সাধারণ মানুষ নয়, উত্তর খুঁজছেন প্রশাসনিক কর্তারাও। একাধিক জেলা থেকে শুনানি পর্বের মেয়াদ আরও সাতদিন বাড়ানোর আর্জি জানিয়েছে সিইও দপ্তরের কাছে বলে কমিশন সূত্রে খবর। ফলে শুনানি পর্বের ডেডলাইন আগামী ৭ ফেব্রুয়ারি থেকে আরও বাড়বে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই সার্বিক এসআইআর প্রক্রিয়া পিছোতে পারে বলে সন্দেহ দানা বেধেছে। অন্যদিকে কার্শিয়ং ও মেটিয়াবুরুজ বিধানসভায় নির্দিষ্ট সময়ের মধ্যে শুনানির কাজ শেষ করতে বৃহষ্পতিবার নতুন আরও মোট ৫০ জন এইআরও নিযুক্ত করার অনুমোদন দিয়েছে সিইও দপ্তর।
কমিশন সূত্রে জানা গেছে, মালদহ, দক্ষিণ ২৪ পরগনা সহ আরও দু-একটি জেলায় শুনানির কাজ এখনও অনেকটাই বাকি। মূলত, লজিকাল ডিসক্রিপ্যান্সির তালিকায় বিপুল ভোটারের নাম অন্তর্ভুক্তির কারণে কমিশন নির্দিষ্ট সময়সীমার মধ্যে পুরো শুনানির কাজ সম্পূর্ণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন জেলা নির্বাচনী আধিকারিকরা। শুনানি সম্পূর্ণ করতে আরও অতিরিক্ত ৭ দিন সময় চেয়ে সিইও দপ্তরে আর্জি জানিয়েছেন জেলা নির্বাচনী আধিকারিকরা। যদিও সময় বাড়ানোর আবেদন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। নিয়মমাফিক সময় মেয়াদ বাড়ানোর আবেদন নির্বাচন কমিশনের কাছেই পাঠাচ্ছে রাজ্য সিইও দপ্তর। অবশ্য একাধিক জেলার এই আবেদন নিয়ে কিছু না জানালেও নির্দিষ্ট সময়ের মধ্যেই রাজ্যে এসআইআর শুনানি পর্ব শেষ হবে বলে বৃহষ্পতিবারও জানিয়েছেন সিইও মনোজ কুমার আগরওয়াল। সিইও দপ্তর সূত্রে জানানো হয়েছে, রাজ্যে ১ কোটি ৫১ লক্ষের কিছু বেশি শুনানির নোটিশ পাঠানো হয়েছে যার মধ্যে বৃহষ্পতিবার পর্যন্ত প্রায় ১ কোটি ৩০ লক্ষ ভোটারের শুনানি সম্পূর্ণ হয়েছে। আগামী দুদিনে বাকি শুনানির কাজ সম্পূর্ণ হবে বলে সিইও আশাবাদী হলেও নতুন করে একাধিক জেলার শুনানির সময় মেয়াদ বাড়ানোর আবেদনে নির্দিষ্ট সময়ে শুনানি পর্ব শেষ করার বিষয়ে সংশয় তৈরি হয়েছে।

