বিশেষহেডলাইন

বিধানসভা উপনির্বাচনে নজর রেখে সরকারি আধিকারিক বদলিতে নয়া নিয়ম কমিশনের

 

সুদীপ্ত চট্টোপাধ্যায়

ভোট আসছে। তাই সরকারি কর্মীদের বদলির বিষয়টি নিয়েও সতর্ক দৃষ্টি নির্বাচন কমিশনের। ভোটার তালিকা থেকে ভোট কেন্দ্র তৈরির সরকারি ব্যস্ততার পাশাপাশি সরকারি কর্মীদের বদলির বিষয়টিও সরকারি ব্যবস্থাপনার ভোট কৌশলের অঙ্গ। ছাব্বিশের নির্বাচনের প্রেক্ষিতে সরকারি কর্মীদের বদলির ক্ষেত্রে নতুন একটি সিদ্ধান্ত অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন। কমিশনের নয়া নিয়ম অনুযায়ী, রাজ্যে শেষ বিধানসভা নির্বাচনের পর যতগুলি উপনির্বাচন হয়েছে সেই নির্বাচনী কেন্দ্রগুলোতে পুলিশ এবং সিভিল পর্যায়ের যে যে আধিকারিক কর্মরত ছিলেন তাঁদের নতুনভাবে সেই এলাকায় বদলি করা যাবে না। অর্থাৎ ২০২১ সালে সপ্তদশ বিধানসভা নির্বাচনের পর সর্বশেষ কালীগঞ্জ সহ রাজ্যে যে ২৩ টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে সেখানে উপনির্বাচন চলাকালীন সংশ্লিষ্ট সরকারি আধিকারিক যদি ওই বিধানসভা কেন্দ্রে কর্মরত ছিলেন তাঁদের নতুন করে সেই কেন্দ্রের অন্তর্গত কোনও দপ্তরে বদলি করা যাবে না। ২০০৮ সালে নির্বাচন কমিশনের একটি নির্দেশিকা উল্লেখ করে এই নয়া নিয়মের কথা জানিয়েছে কমিশন। তবে সরকারি আধিকারিকদের বদলির এই নয়া নিয়মে সিভিল আধিকারিকদের জন্য কোনও স্তরবিন্যাস না থাকলেও পুলিশ আধিকারিকদের ক্ষেত্রে দুটি স্তরে বিভক্ত করা হয়েছে। পুলিশের শীর্ষস্তর থেকে ইন্সপেক্টর পদমর্যাদা পর্যন্ত ২০২১ পরবর্তী উপনির্বাচন কেন্দ্রের সংশ্লিষ্ট জেলা বাদ দিয়ে অন্য জেলায় বদলি করতে হবে। ইন্সপেক্টর পদমর্যাদার নিচে যাঁরা রয়েছেন তাঁদের ২০২১ পরবর্তী উপনির্বাচন কেন্দ্রের সংশ্লিষ্ট মহকুমার মধ্যে বদলি করা যাবে না। নতুন আইনের পাশাপাশি কমিশনের স্ট্যান্ডিং বিধি অর্থাৎ ভারতীয় জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ অনুযায়ী কোনও নির্দিষ্ট জেলায় সর্বাধিক তিন বছর সংশ্লিষ্ট সরকারি আধিকারিক কর্মরত না থাকা এবং বদলি হওয়া জেলা যাতে ওই সরকারি কর্মীর নিজস্ব জেলা না হয় সেই নিয়মও বলবৎ থাকছে।

উল্লেখযোগ্য, ২০২১-এর বিধানসভা সাধারণ নির্বাচনের পর যে বিধানসভা কেন্দ্রগুলিতে উপনির্বাচন হযেছে সেগুলি হল,
২০২১– ভবানীপুর, দিনহাটা, শান্তিপুর, খড়দহ , গোসাবা, জঙ্গিপুর ও সামশেরগঞ্জ
২০২২— বালিগঞ্জ
২০২৩ –সাগরদীঘি, ধুপগুড়ি
২০২৪ — ভগবানগোলা, বরানগর, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা, মানিকতলা, সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালড্যাংরা
২০২৫– কালীগঞ্জ
এর মধ্যে খড়দহে বিধায়ক কাজল সিনহার মৃত্যুতে ভবানীপুর থেকে শোভনদেব চট্টোপাধ্যায় খড়দহে প্রার্থী হন। ভবানীপুরে প্রার্থী হন মমতা বন্দ্যোপাধ্যায়।
গোসাবা, সাগরদীঘি, বালিগঞ্জ, ভগবানগোলা, মানিকতলা, কালীগঞ্জ, জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিধায়ক মৃত্যুর কারণে উপনির্বাচন হয়। বাকি কেন্দ্রগুলোতে গত লোকসভা নির্বাচনে বিধায়করাই সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
মূলত নির্বাচনী স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতেই ছাব্বিশের নির্বাচনের আগে সরকারি আধিকারিকদের বদলি সংক্রান্ত নয়া নিয়ম জারি করেছে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন কমিশনের পদস্থ কর্তারা। স্বাভাবিকভাবেই এসআইআর পরবর্তীতে সরকারি আধিকারিকদের বদলির ক্ষেত্রে এই নয়া নিয়ম মাথায় রাখতে হবে নবান্নকে।

Share with