হেডলাইন

৬০ লক্ষ ভোটারের অধিকার নিষ্পত্তির আগেই বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ!! তৃতীয় সপ্তাহে ভোট ঘোষণা??

 

সুদীপ্ত চট্টোপাধ্যায়

চলতি মাসের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা ? নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ৯ মার্চ কলকাতায় আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ৯-১০ মার্চ রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন, স্বীকৃত রাজনৈতিক দল এবং রাজ্যের নির্বাচনী কর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও অন্য দুই নির্বাচন কমিশনার। জানা গেছে, সোমবার রাজ্যের সব জেলা প্রশাসনের সঙ্গে এবং পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে বৈঠকে এমনটাই ইঙ্গিত দিয়েছেন কমিশনের কর্তারা। তদনুযায়ী, রাজ্যের যে ৬০ লক্ষ ০৬ হাজার ৬৭৫ জন ভোটারের ভোটাধিকার বিচারকদের বিবেচনাধীন রয়েছে তার নিষ্পত্তি সম্পূর্ণ হওয়ার আগেই রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। সেক্ষেত্রে বিচারাধীন ভোটারদের সুবিচার পাওয়া নিয়ে ফের সংশয় তৈরি হয়েছে।

যদিও, প্রথা অনুযায়ী ফুল বেঞ্চ চলে যাওয়ার পর কয়েক দিনের মধ্যেই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করা হয়। ঘোষণাতেই জানানো  হবে ভোটের দিনক্ষণ।  ইতিমধ্যেই জানানো হয়েছে আগামী ১৪ মার্চ আসাম সরকারের পক্ষে একটি এক্সপ্রেসওয়ের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরদিন ১৫ মার্চ কলকাতায ব্রিগেড সমাবেশের রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সরকারি অনুষ্ঠানও রয়েছে প্রধানমন্ত্রীর। স্বাভাবিক ভাবেই যেহেতু পস্চিম্বঙ্গ সহ চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে একইসঙ্গে ভোট ঘোষণা হওয়ার কথা সেহেতু মার্চের তৃতীয় সপ্তাহের শেষ পর্বে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন বলে মনে করছেন পদস্থ কর্তারাই। অবশ্য তার মধ্যে বিচারকদের কাজ সম্পূর্ণ হতে পারে বলে আশা পদস্থ কর্তাদের। যদিও সংশ্লিষ্ট বিধানসভার মনোনয়ন জমার শেষ দিনে বিচারাধীন ভোটারদের জন্য সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা যাবে।

উল্লেখযোগ্য, গত ২১ ফেব্রুয়ারি কেরালায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই কেরালায় ভোটের প্রস্তুতি বৈঠকও সেরে ফেলেছেন কমিশনের উচ্চপদস্থ কর্তারা। আগামী দু-একদিনের মধ্যেই কেরালাতেও পৌঁছে যাবে ফুল বেঞ্চ বলে খবর। তামিলনাড়ু, পুদূচেরি ও আসামে ইতিমধ্যেই ফুল বেঞ্চের বৈঠক সম্পূর্ণ। ফলত এখন শুধুমাত্র পশ্চিমবঙ্গের অপেক্ষা। ২৮ ফেব্রুয়ারি বঙ্গে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলেও এখনও ৬০ লক্ষ ০৬ হাজার ৬৭৫ জন ভোটারের ভোটাধিকার বিচারকদের বিবেচনাধীন। এই পরিস্থিতিতে মার্চের দ্বিতীয় সপ্তাহে কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসার খবর অবশ্যই তাৎপর্যপুর্ণ।

Share with