পর্যবেক্ষকে মুড়বে রাজ্যের নির্বাচন, দ্বিগুণের বেশি হতে পারে পুলিশ পর্যবেক্ষক
সুদীপ্ত চট্টোপাধ্যায়
রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে স্বচ্ছ্ব-অবাধ ও শান্তিপূর্ণ করতে নিরাপত্তায় কোনও খামতি রাখতে চায় না নির্বাচন কমিশন। শুধু কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা বা ১০০ শতাংশ ওয়েব কাস্টিং সহ প্রযুক্তিগত নিরাপত্তা নয়, এই নিরাপত্তা ব্যবস্থার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে এবারের নির্বাচনে রেকর্ড পরিমাণ পর্যবেক্ষক নিয়োগ করতে পারে নির্বাচন কমিশন বলে খবর।
নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আইনশৃঙ্খলা পরিস্থিতি। একটি রাজ্যে কত দফায় নির্বাচন হবে তার মূল মাপকাঠি হল সেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির গুণমান। গত মঙ্গলবার রাজ্যে এসে এমনটাই জানিয়েছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেই প্রেক্ষিতেই রাজ্যে এসআইআর পর্বের বিভিন্ন ঘটনাবলি মাথায় রেখে এবারেও পশ্চিমবঙ্গে পুলিশ পর্যবেক্ষকদের ভুমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। জানা গেছে, কলকাতার ১১ টি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে একজন করে পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হতে পারে। একইসঙ্গে কলকাতা বাদে বাকি ৫ টি পুলিশ কমিশনারেট এলাকার প্রতিটিতে নিদেনপক্ষে একজন করে এবং রাজ্যের ২৮ টি পুলিশ জেলায় কমপক্ষে দুইজন করে পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হতে পারে। একুশের বিধানসভা নির্বাচনে পুলিশ পর্যবেক্ষক নিযুক্ত হয়েছিলেন ৩৭ জন যা আসন্ন বিধানসভা নির্বাচনে কমপক্ষে ৭২ হওয়ার সম্ভাবনা, যা গতবারের তুলনায় দ্বিগুণেরও বেশি। প্রয়োজনে এই সংখ্যা বাড়তে পারে বলেও খবর। ভিনরাজ্যের আইপিএস এই পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন। এদের কাজের তদারকি করবেন রাজ্যে নিযুক্ত বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক প্রাক্তন দুঁদে গোয়েন্দা কর্তা তথা অব্সরপ্রাপ্ত আইপিএস এন কে মিশ্র।
কমিশন সূত্রে জানা গেছে, আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে নিদেনপক্ষে একজন করে সাধারণ পর্যবেক্ষক নিযুক্ত করা হবে। প্রয়োজনে পরিস্থিতি বিবেচনা করে কোনও কোনও বিধানসভা কেন্দ্রে এই সংখ্যা একাধিক হতে পারে। এরা সকলেই হবেন ভিনরাজ্যের আইএএস। গত বিধানদভা নির্বাচনে সাধারণ পর্যবেক্ষকের সংখ্যা ছিল ১৬০। সাধারণ পর্যবেক্ষকদের কাজকর্ম তদারকির দয়িত্বে থাকবেন বিশেষ রোল পর্যবেক্ষকের দায়িত্ব শেষ করে বিশেষ সাধারণ পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়া (বিজ্ঞপ্তি এখনও হয়নি) অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্ত। একইসঙ্গে এবারের নির্বাচনে নির্বাচনী খরচ সংক্রান্ত পর্যবেক্ষকদের সংখ্যা সেঞ্চুরির দোরগোড়ায় যেতে পারে বলে খবর। গত বিধানসভা নির্বাচনে ৮৪ জন এধরনের পর্যবেক্ষক রাজ্যে নিযুক্ত হয়েছিলেন। এই নির্বাচনী খরচ সংক্রান্ত পর্যবেক্ষক মূলত ভারতীয় রেভেনিউ সার্ভিসের ক্যাডাররা হবেন যাদের সিংহভাগই আসবেন ভিনরাজ্য থেকে।

