হেডলাইন

ভবানীপুরে রিটার্নিং অফিসার বদল? কমিশনের চিঠিতে ইঙ্গিত

সুদীপ্ত চট্টোপাধ্যায়

ভবানীপুর বিধানসভার রিটার্নিং অফিসার বদলাচ্ছে ? কমিশন সূত্রে এমনটাই খবর।

নন্দীগ্রামের বিডিও সুরজিত রায়কে তুলে এনে ভবানীপুরের রিটার্নিং অফিসার পদে নিযুক্ত করার পর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছিল। নির্বাচন কমিশন সবকিছু খতিয়ে দেখে রাজ্যের মুখ্য সচিবের কাছে নতুন তিনজন সমপর্যায়ের উপযুক্ত আধিকারিকের নাম পাঠাতে নির্দেশ দিয়েছে কমিশন।
বৃহস্পতিবার বিকেলেই মুখ্যসচিবকে তিন আধিকারিকের নাম পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিবের পক্ষ থেকে নির্বাচন কমিশনে নতুন তিন আধিকারিকের নাম পাঠানো হয়েছে। উল্লেখযোগ্য, গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভায় ভোটযুদ্ধে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারি। এবার ভবানীপুরেও এই দুইজনেই প্রার্থী। নন্দীগ্রামে এবারও ভোটে প্রার্থী শুভেন্দু। স্বাভাবিকভাবেই নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরে রিটার্নিং অফিসার করা নিয়ে রাজনৈতিক শোরগোল তৈরি হয়েছে। সোচ্চার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। এরপর সরাসরি কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। এবার কমিশন নিজেই রাজ্য প্রশাসনের কাছে ভবানীপুরের রিটার্নিং অফিসার পদে তিনজন উপযুক্ত মর্যাদার আধিকারিকের নাম চেয়ে পাঠাল। এখন ভবানীপুর বিধানসভায় রিটার্নিং অফিসারের বদল কি সময়ের অপেক্ষা তারই অপেক্ষায় রাজনৈতিক মহল।

Share with