ঠিকানা বদলেও বদলায়নি অশান্তির ছবি! সিইও’র হুমকির ২৪ ঘণ্টার মধ্যেই দপ্তর চত্বরে কড়া নিরাপত্তা
সুদীপ্ত চট্টোপাধ্যায়
“পুলিশের দায়িত্ব আইনশৃংখলা রক্ষা করা। আমি পুলিশকে টিউশন দিতে যাব না। তবে যদি দেখি কাজ হচ্ছে না তাহলে আমাকেই দেখতে হবে।” নির্বাচনী আদর্শ আচরণবিধি চালু হলেও ফর্ম ৬ ইস্যুতে সোমবার ও মঙ্গলবার পরপর দুদিন সিইও দপ্তরের সামনে ধর্না-বিক্ষোভ, দুই রাজনৈতিক দলের মারপিট-হাঙ্গামার ঘটনায় হেয়ার স্ট্রিট, স্ট্র্যান্ড রোড সহ বিবাদীবাগ-কয়লাঘাটা এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরির প্রেক্ষিতে মঙ্গলবার এমনটাই জানিয়েছিলেন সিইও মনোজ কুমার আগরওয়াল। সিইও-র এই বক্তব্যের ২৪ ঘণ্টা পেরনোর আগেই সিইও দপ্তরের সুরক্ষায় কড়া পদক্ষেপ করল কলকাতা পুলিশ।
বিবাদি বাগে অবস্থিত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে ঘিরে বাড়ানো হল নিরাপত্তা। স্ট্র্যান্ড রোড সংলগ্ন এলাকায় বিএনএসএস-এর ১৬৩ ধারা জারি রেখে তার পরিধি আরও বাড়ালো লালবাজার। নতুন নির্দেশ অনুযায়ী, স্ট্র্যান্ড রোডের সম্পূর্ণ অংশ—কয়লাঘাটা ক্রসিং থেকে কিরণশঙ্কর রায় রোড ক্রসিং পর্যন্ত—এবং রাস্তার দু’পাশের ফুটপাথ জুড়েই বিধিনিষেধ জারি থাকবে। আগে এই অংশের একটি অংশ বিধিনিষেধের বাইরে থাকলেও বর্তমান পরিস্থিতিতে গোটা এলাকাকেই নিরাপত্তার আওতায় আনা হয়েছে।
পুলিশ কমিশনার অজয় নন্দ এই সংশোধিত নির্দেশে জানিয়েছেন, ২৩ মার্চ জারি হওয়া আগের নির্দেশিকার অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।
গত কয়েক দিন ধরেই সিইও দফতরের সামনে উত্তেজনা বাড়ছিল। ফর্ম ৬ নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ, রাজনৈতিক কর্মীদের বিক্ষোভ এবং সংঘর্ষের আশঙ্কা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। সোমবার ও মঙ্গলবার দফায় দফায় উত্তেজনার ঘটনার পরেই এই বাড়তি সতর্কতা বলবৎ করা হয়েছে। এর আগে বিবাদীবাগ চত্বরের অন্য প্রান্তে পূর্বতন সিইও দপ্তরের সামনে বিএলও ঐক্য মঞ্চের নামে লাগাতার ধর্না-বিক্ষোভে পরিস্থিতি অশান্ত হয়েছিল। রাস্তার উপর অনির্দিষ্টকালের জন্য মঞ্চ তৈরি করে ধর্না-বিক্ষোভ চলে। কিন্তু আই এলাকা শহরের মূল বাস রুট না হওয়ায় অসুবিধা হলেও মানিয়ে নিয়েছিলেন সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা। হেয়ার স্ট্রিট ও স্ট্র্যান্ড রোডের সংযোগস্থলে অবস্থিত শিপিং কর্পোরেশন বিল্ডিংয়ে সিইও-র নতুন দপ্তর সংলগ্ন রাস্তাগুলি হাওড়াগামী সমস্ত বাসরুট ও কলকাতার বড়বাজার এলাকার পণ্যবাহী ট্রাকগুলির অন্যতম ট্রানজিট রুট হওয়ায় লাগাতার রাজনৈতিক বিক্ষোভ-অশান্তির জেরে সাধারণ মানুষ তথা নিত্যযাত্রীদের গন্তব্যে পৌঁছতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বলে খবর। ১৪৪ ধারা বা ১৬৩ বিএনএসএস-এর পরিধি বাড়িয়ে কলকাতার পুলিশ কমিশনারের স্পষ্ট বার্তা, ভোটের আগে সিইও দফতরের কাজকর্ম যাতে নির্বিঘ্নে চলতে পারে এবং আইনশৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

