হেডলাইন

বিচারকদের হামলার ঘটনায় প্রত্যেক হামলাকারীর নামে নামে এফআইআর ; নির্দেশ জ্ঞানেশ কুমারের

সুদীপ্ত চট্টোপাধ্যায়

মালদায় বিচারকদের ঘেরাও করে হামলার ঘটনায় প্রতিটি হামলাকারীর নামে নামে এফআইআর করার নির্দেশ দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভিডিও ফুটেজ দেখে এক একজনকে চিহ্নিত করে প্রত্যেকের নামে এফ আই আর দায়ের করতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। পাশাপাশি রাজ্যের কোথাও শুক্রবার থেকে অনুমতিহীন জমায়েত করা যাবে না। বেআইনি জমায়েত করলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতে হবে। যদি কোনও প্রশাসনিক কর্তা এই নির্দেশের পরিপন্থী হয়ে কাজ করেন তাহলে তাঁদের বিরুদ্ধে সংবিধানের ৩১১ ধারা প্রয়োগ করে কোনও তদন্ত ছাড়াই সরাসরি বরখাস্ত করা হতে পারে বলেও ভার্চুয়াল বৈঠকে সাফ জানিয়ে দেন জ্ঞানেশ কুমার।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের মামলার শুনানিতেও এই ঘটনা নিয়ে রাজ্য প্রশাসনকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্টও। এদিন বিকেলে সিইও সহ রাজ্য প্রশাসনের সঙ্গে মালদার ঘটনার প্রসঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার। সেই বৈঠকেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কার্যত কবে ফেটে পড়েন তিনি। কেন সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন জলদি পদক্ষেপ করেনি ? কেন কেন্দ্রীয় বাহিনীকে যথাযথভাবে ব্যবহার করা হয়নি ? এই প্রশ্নগুলোর উত্তর চাওয়ার পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের দায়িত্বে গাফিলতির ইঙ্গিত দেন মুখ্য নির্বাচন কমিশনার। এ ধরনের গাফিলতি কোনমতেই বরদাস্ত করা হবে না এ কথা জানিয়ে প্রয়োজনে সরাসরি সংবিধানের ৩১১ ধারা প্রয়োগের কথা জানিয়ে দেন জ্ঞানেশ কুমার। শুধু মালদার ঘটনা নয় রাজ্যের কোথাও শুক্রবার থেকে কোন অবৈধ বা অনুমতিহীন জমায়েত করা হবে না সেকথাও জানিয়ে দেন তিনি। মুখ্য নির্বাচন কমিশনারের এই নির্দেশে প্রেক্ষিতে রাজ্য রাজ্যের সিইও দপ্তরে গত কয়েক দিন ধরে রাজনৈতিক দলগুলির যে বিক্ষোভ জমায়েত চলছিল তা বন্ধ হবে বলে মনে করছেন দপ্তরের পদস্থ আধিকারিকরাই । একইসঙ্গে কলকাতা-হাওড়া যোগাযোগের লাইফ লাইন স্ট্র্যান্ড রোডের বন্ধদশার পরিবর্তন ঘটবে বলেও মনে করছেন আধিকারিকরা।

Share with