রাজ্যে প্রথম দফার ভোটে সর্বাধিক ভোটার মুর্শিদাবাদেই, ৩.৬ কোটি ভোটারের ৪৯ শতাংশ মহিলা ভোটার
সুদীপ্ত চট্টোপাধ্যায়
বিচারকদের বিচারে পাশ করা ভোটারদের যুক্ত করে রাজ্যে প্রথম দফার ১৫২ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণের জন্য চুড়ান্ত হল ভোটার সংখ্যা। কমিশন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজ্যে প্রথম দফায় ১৬ জেলায় মোট ৩,৬০,৭৭ ,১৭১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। ৮৫ বছরের উর্ধ্বের ভোটাররা এই তালিকায় স্থান পেলেও এই তালিকায় যুক্ত হননি সার্ভিস ভোটাররা। আলাদা তালিকায় যুক্ত হবেন সার্ভিস ভোটাররা বলে জানিয়েছেন কমিশন কর্তারা।
মূলত, উত্তরবঙ্গ ও রাঢ়বঙ্গের ১৬ জেলায় ১,৭৫,৭৭,২১০ জন মহিলা ভোটাধিকার প্রয়োগ করবেন। যা প্রথম দফার মোট ভোটারের প্রায় অর্ধেক (৪৮.৭ %)। মোট পুরুষ ভোটারের সংখ্যা ১,৮৪,৯৯,৪৯৬ জন। বস্তুত, গত নির্বাচনে সার্বিকভাবে রাজ্যে মহিলা ভোটারের সংখ্যা বেশি থাকলেও আসন্ন নির্বাচনে এসআইআরের সৌজন্যে অন্তত প্রথম দফায় কিছুটা কম মহিলা ভোটার।কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দফার ভোটে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন মুর্শিদাবাদ জেলায় ( ৫০,২৬,২১৩)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে পুর্ব মেদিনীপুর (৪১,৬০,১৫৪) ও পশ্চিম মেদিনীপুর (৩৭,৭০,৭৯৪)। সবচেয়ে কম ভোটার কালিম্পং জেলায় (২,০১,৬১৯)। যে জেলায় একজনও তৃতীয় লিঙ্গের ভোটার নেই ছাব্বিশের নির্বাচনে।
প্রথম দফার এই ভোটে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— বিস্তীর্ণ ভৌগোলিক এলাকা জুড়ে ভোটগ্রহণ হবে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ— উত্তরবঙ্গ ও সীমান্তবর্তী জেলাগুলিই এই দফায় গুরুত্বপূর্ণ। একইসঙ্গে দক্ষিণ ও পশ্চিম মিলিয়ে রাঢ়বঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম— জঙ্গলমহল ও শিল্পাঞ্চল মিলিয়ে বিস্তীর্ণ এলাকা জুড়েই হবে ভোট। কমিশন সূত্রে খবর, এই দফায় সীমান্তবর্তী এলাকা এবং জঙ্গলমহলের একাধিক সংবেদনশীল জেলা থাকায় নিরাপত্তা ব্যবস্থা ও কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

