Uncategorized

আধার কার্ড দিয়েই বিহারে ভোটার তালিকার সংশোধন, বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের

সুদীপ্ত চট্টোপাধ্যায়–

সুপ্রিম কোর্ট না নির্বাচন কমিশন? সাংবিধানিক প্রটোকলের প্রশ্নে কে কাকে মান্যতা দেবে এ নিয়ে প্রশ্ন ছিলই। অবশেষে আধার কার্ড প্রশ্নে সুপ্রিম কোর্টের নির্দেশকেই মান্যতা দিল নির্বাচন কমিশন। বিহারে খসড়া ভোটার তালিকা থেকে যদি কোনও যোগ্য ভোটারের নাম বাদ পড়ে তাহলে আধার কার্ড দেখিয়ে তার সংশোধনের জন্য আবেদন করতে পারবেন ওই ভোটার। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিককে একথা জানিয়ে দিল নির্বাচন কমিশন। তবে আবেদন করার সময়সীমা বাড়ানো হয়নি। অর্থাৎ আগামী এক সেপ্টেম্বরের মধ্যেই সংশোধনের আবেদন করতে হবে। সোমবারের বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, যদি কোন ভোটার মনে করেন যে তার নাম কোন সঙ্গত কারণ ছাড়াই খসড়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাহলে তিনি নিজের আধার কার্ড দেখিয়ে তার সংশোধনের জন্য ফর্ম ৬ পূরণ করে আবেদন করতে পারবেন। আধার কার্ডকে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে নথি হিসেবে ব্যবহার করা যাবে ইতিমধ্যেই এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও যেহেতু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই মর্মে কোনো নির্দিষ্ট বিজ্ঞপ্তি ছিল না তাই কার্যক্ষেত্রে
ইআরও এবং বিএলও-দের কাজ করতে বেগ পেতে হচ্ছিল। এবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করায় বাদ যাওয়া ভোটারদের নাম সংশোধনের ক্ষেত্রে আর কোনো জটিলতা রইল না। উল্লেখযোগ্য কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এস আই আর প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন কমিশন। সে ক্ষেত্রে ভোটার কার্ড প্রামাণ্য নথি হিসেবে মান্যতা পাবে সে কথা বলাই বাহুল্য।
কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বিহারে খসড়া ভোটার তালিকা নিয়ে আপত্তি তথা নাম সংশোধনের জন্য ব্যক্তিগতভাবে আবেদন জানিয়েছেন ১ লক্ষ ৪০ হাজার ৯৩১ জন। এরমধ্যে নিষ্পত্তি করা হয়েছে ১৪ হাজার ৩৭৪ টি আবেদনের। রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে সোমবার পর্যন্ত একমাত্র সিপিআই (এম-এল) লিবারেশনের বুথ লেভেল এজেন্টরা ১০টি ক্ষেত্রে আপত্তি জানিয়ে আবেদন করেছেন নির্বাচন কমিশনে। এখনও পর্যন্ত বিহারের খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ৩ লক্ষ ৭৯ হাজার ৬৯২ জন নতুন ভোটার হিসেবে আবেদন জানিয়েছেন বলেও নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে।

Share with