আগামী সপ্তাহের শুরুতেই রাজ্যের সব ভোটারদের কাছে এনুমারেশন ফর্ম
সবকিছু ঠিকঠাক চললে আগামী সপ্তাহের শুরুতেই রাজ্যে এনুমারেশন ফর্ম বিলির কাজ শেষ হবে। এমনটাই মনে করছে রাজ্যের সিইও দপ্তর। অর্থ্যাৎ, রাজ্যের ৭ কোটি ৬৬ লক্ষের বেশি ভোটারের বাড়িতে এসআইআর-এর জন্য প্রযোজনীয় এনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন বুথ লেভেল অফিসাররা। শুক্রবার সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী রাত আটটা পর্যন্ত ৩ কোটি ৪ লক্ষ ফর্ম বিলির কাজ শেষ হয়েছে। আগামিকাল শনিবার ও রবিবার সাপ্তাহিক ছুটির দিনে প্রায় গত চারদিনের সমান কাজ হবে বলে আশা সিইও দপ্তরের কর্তাদের। সেক্ষেত্রে আগামী সপ্তাহের প্রথম দু’দিনের মধ্যেই ফর্ম বিলির কাজ সম্পূর্ণ যাবে বলেই মনে করছেন আধিকারিকরা।
প্রসঙ্গত, একজন বিএলও সর্বাধিক তিনবার একজন ভোটারের বাড়িতে যাবেন। প্রথমে ফর্ম দিয়ে আসবেন, তারপর ফর্ম সংগ্রহ করতে যাবেন। ফর্ম সংগ্রহের পর তা প্রাথমিকভাবে খতিয়ে দেখে একটি ফর্মের প্রাপ্তি স্বীকার করে ভোটারকে দিয়ে দেবেন। নিজের কাছে থাকা ফর্মটি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে তা বিএলও apps এ লিপিবদ্ধ করবেন। সেই তথ্য খতিয়ে দেখবেন ইআরও এবং এইআরও-রা। তারপর তা খসড়া ভোটার তালিকা তৈরির জন্য ইআরও-নেট এর মাধ্যমে ইসিআইনেট সার্ভারে যুক্ত করা হবে।

