হেডলাইন

আনন্দপুরে গুলির ঘটনা, গ্রেফতার তিন দুষ্কৃতী

আবারও গুলির ঘটনায় তপ্ত হয়ে উঠল দক্ষিণ কলকাতার আনন্দপুর থানা এলাকা। গুলশন কলোনিতে বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। অভিযোগ, বন্দুক হাতে দুষ্কৃতীরা এলাকায় তাণ্ডব চালায়। টানা গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কে তড়িঘড়ি দোকানপাট বন্ধ করে দেন অনেকে, ঘরে ঢুকে দরজা-জানলায় ছিটকানি লাগিয়ে দেন এলাকার মানুষ।
স্থানীয় সূত্রের দাবি, এলাকায় দখলদারিকে কেন্দ্র করেই এই সংঘর্ষ। যদিও কেউ কেউ বলছেন, শাসক দলেরই দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের জেরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে গুলির ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় আনন্দপুর থানার পুলিশ। এরপর থেকেই এলাকায় টহলদারি বাড়ানো হয়। শুক্রবার সকাল থেকে নতুন করে উত্তেজনা না-ছড়ালেও পুরো এলাকা থমথমে পরিবেশে আচ্ছন্ন।
কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে এন্টালি এবং নারকেলডাঙা থানা এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দারা। ধৃতদের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র, একটি ৭ এমএম পিস্তল এবং চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। অস্ত্র আইনের ধারায় দু’জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।ঘটনার নেপথ্যে কারা জড়িত এবং সংঘর্ষের প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের সূত্রে জানা গিয়েছে।

Share with