হেডলাইন

অশান্তির আশঙ্কায় চলতি সপ্তাহে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশে সংশয়

সুদীপ্ত চট্টোপাধ্যায়

চলতি সপ্তাহে বিচারাধীন ভোটারদের জন্য সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে কি? এনিয়ে অনিশ্চয়তা তুঙ্গে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারাধীন ভোটারদের ভোটাধিকার নিষ্পত্তির কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠকে জানানো হয়েছিল চলতি সপ্তাহের শেষেই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে। তবে বাধ সেধেছে পুলিশ রিপোর্টে। আগামী ২০ ও ২১ মার্চ রাজ্যজুড়ে পালিত হবে ঈদ-উল-ফিতর। অন্যদিকে আগামী ২৬ মার্চ রামনবমী রয়েছে। যা নিয়ে গোটা রাজ্যে উন্মাদনা তৈরি হয়। ‌
এই ধর্মীয় উৎসব আবহে লক্ষ লক্ষ ভোটারদের সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হলে আইনশৃংখলার সমস্যা হতে পারে বলে আশঙ্কা পুলিশের। কারণ ঈদ এবং রামনবমীর মুহূর্তে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হলে নাম বাদের ইস্যুতে অসন্তোষের বাতাবরণ তৈরি হতে পারে রাজ্যে বলে পুলিশকর্তাদের আশঙ্কা। মঙ্গলবার হাইকোর্টের বৈঠকের পর বুধবার সিইও দপ্তরে রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার সহ উচ্চপদস্থ পুলিশ কর্তাদের বৈঠকেও এই বিষয়ে আলোচনা হয়। ফলে আইন শৃঙ্খলার প্রশ্নে ঈদ ও রামনবমীর উৎসব আবহে শান্তি বজায় রাখতে চলতি সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিচারাধীন ভোটারদের ভতাধিকরের নিষ্পত্তি করে উত্তীর্ণ ও অনুত্তীর্ণদের তালিকা কমিশনের হাতে তুলে দেবে কলকাতা হাইকোর্ট। তারপর তা প্রকাশের দায়িত্ব নির্বাচন কমিশনের। তবে পুলিশের বক্তব্যকে গুরুত্ব দিয়ে ঈদ ও রামনবমীর উৎসব আবহে তালিকা প্রকাশ করা নিয়ে ‘ ধীরে চলো ‘ নীতি নিতে পারে নির্বাচন কমিশন বলে সূত্রের খবর।

সিইও মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন,
বুধবার পর্যন্ত ২৩ লক্ষ ৩০ হাজার বিচারাধীন ভোটারের ভোটাধিকার নিষ্পত্তির কাজ সম্পন্ন হয়েছে। আগামী ৩০ মার্চ রাজ্যের প্রথম দফা নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ৬ এপ্রিল প্রথম দফার ভোটে মনোনয়ন জমার শেষ দিন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা যেতে পারে। ‌ যদিও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার এখনো কার্যকরী হয়নি। বুধবার সকালেও এই সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে কমিশন। অর্থাৎ পুলিশ রিপোর্ট এবং প্রযুক্তিগত কারণ মিলিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে বিচারাধীন ভোটারদের জন্য নির্ধারিত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে কিনা তা নিয়ে সংশয় চরমে উঠেছে। প্রসঙ্গত, বুধবার সিইও দপ্তরে রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার , এডিজি আইন-শৃঙ্খলা সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে আইন-শৃঙ্খলা, নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে জে বৈঠক হয় সেখানেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সময়কাল নিয়ে আলোচনা হয়। বৈঠকে
কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়েও সরব হয় সিইও দপ্তর। বিশেষ করে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার গিরিশ পার্কের বাড়িতে হামলার ঘটনায় কেন্দ্রীয় বাহিনী কেন ব্যবহৃত হলো না তা জানতে চায় কমিশন। কেন শীঘ্র বাহিনীকে খবর দিয়ে আনা হয়নি বা ঘটনাস্থলে ব নিয়ে যাওয়া হয়নি তা কলকাতা পুলিশের নতুন কমিশনরের কাছে জানতে চাওয়া হয়। সিইও মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, ” এই ঘটনা নিয়ে যে পুলিশ রিপোর্ট দেওয়া হয়েছে তাতে এই প্রশ্নের কোনও সদুত্তর নেই। সেই কারণে ফের এই ঘটনার যথাযথ রিপোর্ট চেয়ে পাঠানো হযেছে। “

Share with