হেডলাইন

অতীতে ভোট-হিংসায় আক্রান্ত এলাকায় ভোটারদের মনোবল বাড়াতে পরিদর্শনে যাবেন সিইও

সুদীপ্ত চট্টোপাধ্যায়

তাঁর দপ্তরের সামনে ১৪৪ ধারা জারি সত্ত্বেও একের পর এক রাজনৈতিক দলের বিক্ষোভ-ধর্না নিয়ে অসন্তোষ প্রকাশ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্ব নিজেই দেখবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন সিইও মনোজ কুমার আগরওয়াল। তারপরেই কাজের কাজ হয় এবং অভিযুক্তদের গ্রেপ্তারও করে কলকাতা পুলিশ। এবার নজরে জেলায় জেলায় আইন শৃংখলা পরিস্থিতি। বিশেষ করে যে যে জেলায় অতীতে নির্বাচন পরবর্তী হিংসা সংঘটিত হয়েছিল সেই এলাকায় সরেজমিনে গিযে পরিস্থিতি চাক্ষুষ করতে চান সিইও। স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলে ভোটারদের মনে সাহস যোগাতে এবং নির্ভয়ে ভোটদানে অংশগ্রহণের আবেদন জানাবেন তিনি। সম্ভবত স্মরণকালের মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও হিসেবে এই ধরণের উদ্যোগ রাজ্যে প্রথম বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরাই। সোমবারই পুর্ব মেদিনীপুর জেলার তমলুক, নন্দীগ্রাম সফর সেরে ফিরেছেন তিনি।

সিইও জানিয়েছেন জেলায় জেলায় গিয়ে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। কোন কোন জেলায় কোথায় কোথায় আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যা রয়েছে অথবা অতীতে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে তা নিয়ে সিইও দপ্তর থেকেও যেমন তালিকা প্রস্তুত করা হয়েছে তেমনি জেল নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসককেও তালিকা প্রস্তুত রাখতে বলা হয়েছে। যেখানে সিইও যাওয়ার প্রয়োজন রয়েছে সেখানে জেলাশাসকই তাঁকে নিয়ে যাবেন অথবা সিইও নিজেই কোনও এলাকায় যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। ” সেই এলাকায় গিযে সংশ্লিষ্ট ভোটারদের মন থেকে নির্বাচন সম্পর্কে ভয় দূর করে বুথে গিযে ভোটদানে তাঁদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলাই লক্ষ্য ” জানিয়েছেন সিইও।

Share with