Uncategorized

বাঙালির রসনায় ‘ পুজোর উপহার ‘ পদ্মার ইলিশ

ভোজন রসিক বাঙালির জন্য সুখবর। গত বছরের পর এবছরেও পুজোর উপহার হিসেবে বাঙালির পাতে পদ্মার ইলিশ। আর্থিক লাভের পাশাপাশি দুই বাংলার আত্মিক যোগের কথা মাথায় রেখে অশান্ত পরিস্থিতিতেও ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। অর্থাৎ শুধু রসনা তৃপ্তিতেই নয় দু’পার বাংলার আত্মীয়তা ও মেলবন্ধনের প্রতীক হল এই রুপোলি শস্য।

গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে এ বছরেও বাংলাদেশ সরকার শর্তসাপেক্ষে ভারতে ইলিশ রপ্তানি করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শর্তসাপেক্ষে ভারতে এ বছরে দুর্গাপূজা উপলক্ষে ১,২৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ সরকার। প্রতি কেজি ইলিশে রপ্তানি মূল্য ধার্য করা হয়েছে ১২.৫ মার্কিন ডলার যা ভারতীয় মূল্যে দাঁড়ায় প্রায় ১,১০০ টাকা। হঠাৎ এদেশের বাজারে পদ্মার ইলিশ বিকোতে পারে কেজি প্রতি ১,৩০০ থেকে ১,৫০০ টাকার কাছাকাছি। সেই হিসেবে মাছে ভাতে মধ্যবিত্ত বাঙালির রসনা তৃপ্তির জন্য পদ্মার ইলিশ পুজোর বাজারে স্পেশাল মেনু হিসেবে জায়গা পেতেই পারে।

আর এই উপলক্ষে বাংলাদেশের ইলিশ রপ্তানিকারকদের কাছে ভারতে ইলিশ রপ্তানির জন্য আগামী ১১ সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে আবেদন পত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিবেশী দেশের বাণিজ্য মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আশা করা হচ্ছে আগামী ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্যেই বাংলায় ঢুকতে পারে পদ্মার ইলিশ।

Share with