হেডলাইন

বেহাল মেট্রো: অক্সিজেন আছে মাস্ক নেই, অসুস্থ ব্যক্তিকে বাঁচানো গেল না

এক কথায় অপদার্থ মেট্রো কর্তৃপক্ষ। সঠিক সময়ে ট্রেন চালাতে পারেন না, প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থাটুকু নেই। যার ফলে প্রাণ হারাবেন একজন।ব্যস্ত অফিস টাইমে চাঞ্চল্যকর ঘটনা ঘটল হাওড়া মেট্রো স্টেশনে। অসুস্থ হয়ে পড়লেন এক যাত্রী। অভিযোগ, স্টেশনে জরুরি চিকিৎসা পরিষেবা না থাকায় প্রায় ৪৫ মিনিট বিনা চিকিৎসায় পড়ে থাকতে হলো তাঁকে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ পাকড়াশি। বাড়ি হুগলির ত্রিবেণীতে। তিনি রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন।

স্টেশন সূত্রে জানা গিয়েছে, বিশ্বজিৎবাবু হাওড়া মেট্রো স্টেশনের লিফটের ভেতরেই অসুস্থ হয়ে পড়েন। প্রথমে অন্যান্য যাত্রীরা বিষয়টি লক্ষ্য করেন। সেসময়ই অফিস যাচ্ছিলেন তাঁরই এক সহকর্মী। তিনি এগিয়ে এসে উদ্ধার করে তাঁকে স্টেশনের একটি ঘরে নিয়ে যান।

কিন্তু অভিযোগ, বারবার অনুরোধ সত্ত্বেও মেট্রো কর্তৃপক্ষের তরফে তৎক্ষণাৎ কোনও সাহায্য মেলেনি। শ্বাসকষ্ট শুরু হলে শেষপর্যন্ত অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা হয়। কিন্তু অক্সিজেন দেওয়ার মাস্ক মেলেনি বলে অভিযোগ ওঠে। এদিকে সাহায্যের জন্য কোনও পুলিশকেও পাওয়া যায়নি।

শেষপর্যন্ত প্রায় ৪৫ মিনিট পরে তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা বিশ্বজিৎ পাকড়াশিকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, মেট্রো স্টেশনের মতো জনবহুল স্থানে কেন জরুরি চিকিৎসা পরিষেবার যথাযথ ব্যবস্থা নেই?

 

Share with