হেডলাইন

ভবানীপুর কেন্দ্র থেকে কত ভোটার বাদ?

বৃহস্পতিবার শেষ হয়েছিল ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন পর্বে এনুমারেশন ফর্ম গ্রহণ। তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই বিধানসভাওয়ারি নাম বাদ পড়ার পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন। প্রকাশিত তথ্য অনুযায়ী, সমগ্র রাজ্যে প্রথম পর্বে বাদ পড়েছে ৫৮ লক্ষের বেশি নাম।সবচেয়ে বেশি নজর কেড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রাম।২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী ভবানীপুরে মোট ভোটার ছিলেন ১,৬১,৫০৯ জন। তার মধ্যে বাদ পড়েছে ৪৪,৭৮৭ জন।
অন্যদিকে নন্দীগ্রামে ভোটার সংখ্যা ছিল ২,৭৮,২১২ জন, যেখানে বাদ পড়েছে ১০,৫৯৯ জন। ফলে ভবানীপুরে বাদ পড়া নাম নন্দীগ্রামের প্রায় চার গুণ।যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা।উল্লেখ্য, ২০২১ সালের নন্দীগ্রামের লড়াইয়ে শুভেন্দু অধিকারীর কাছে ১,৯৫৬ ভোটে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্বাচনের মামলা এখনও হাই কোর্টে বিচারাধীন থাকলেও পরবর্তীতে ভবানীপুরে উপনির্বাচনে মমতার জয়ের ব্যবধান ছিল ৫৮,৮৩৫ ভোট।
নির্বাচন কমিশনের প্রকাশিত পরিসংখ্যান বলছে, ভবানীপুরের থেকেও বেশি নাম বাদ পড়েছে রাজ্যের মন্ত্রী ও কলকাতা মেয়র ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দরে।যেখানে বাদ পড়েছে ৬৩,৭৩০ জন। মন্ত্রী অরূপ বিশ্বাসের টালিগঞ্জে বাদ পড়েছে ৩৫,৩০৯, আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পালের কেন্দ্রে ৩৯,২০২, এবং উত্তরবঙ্গে শঙ্কর ঘোষের শিলিগুড়িতে ৩১,১৮১ জনের নাম।জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে দক্ষিণ ২৪ পরগনায়,মোট ৮,১৬,৪৭ জন। সবচেয়ে কম নাম বাদ পড়েছে কোতুলপুর বিধানসভায়,৫,৬৭৮ জন।

Share with