ভোট আসছে : ফের ‘বাংলার বাড়ি’ প্রকল্পের প্রস্তুতি শুরু
আবাস যোজনা, যা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যৌথ প্রকল্প। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবাস যোজনার টাকা বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানত দুর্নীতির অভিযোগে এই ধরনের অর্থ বন্ধ। যদিও রাজ্য সরকার দাবি করেছে, কেন্দ্রীয় সরকার যা যা চেয়েছে সবটাই দেওয়া হয়েছে। তারপরেও আবাস যোজনার টাকা দেয়নি কেন্দ্র। কেন্দ্রের বঞ্চনার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১২ লক্ষ মানুষকে ইতিমধ্যেই দুই কিস্তিতে এক লক্ষ কুড়ি হাজার টাকা রাজ্য সরকার থেকে দিয়েছেন ‘বাংলার বাড়ি’ প্রকল্পে। প্রকল্পের পরবর্তী অধ্যায়ে আরো ১৬ লক্ষ মানুষ পাবেন মাথার ওপর ছাদ। তার প্রস্তুতি শুরু করে দিল নবান্ন। আগামী ৩০ নভেম্বরের মধ্যে তালিকা তৈরি করার নির্দেশ। জেলা প্রশাসনের কাছে নির্দেশ নবান্ন থেকে। তালিকা যাচাই করে বিডিওরা ১৭ নভেম্বরের মধ্যে জেলা প্রশাসনের কাছে পৌঁছবে। জেলা প্রশাসন থেকে ৩০ নভেম্বরের মধ্যেই নবান্নের কাছে পৌঁছাবে তালিকা। ডিসেম্বর মাসের মধ্যে দ্বিতীয় দফায় ‘বাংলার বাড়ি’ প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে। আগামী বছর নির্বাচন রয়েছে। বিধানসভা নির্বাচনের আগে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা যাতে বাংলার মানুষ পেতে পারেন সেই ব্যবস্থা করছে নবান্ন।

