ভোট ঘোষণার আগেই রাজ্যে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, জানিয়ে দিল কেন্দ্র
সুদীপ্ত চট্টোপাধ্যায়
অবশেষে আশঙ্কাই সত্যি হল। রাজ্যে এস আই আর পর্ব শেষ হওয়ার আগেই নির্বাচনী কাজের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্তের কথা জানালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই পরদিন রাজ্যে ঢুকবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে ফ্যাক্স বার্তা পাঠিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের সুপারিশক্রমে রাজ্যে দুই ধাপে মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রাথমিকভাবে মোতায়েন করা হবে। আগামী পয়লা মার্চ ২৪০ কোম্পানি বাহিনী আসবে রাজ্যে। বাকি ২৪০ কোম্পানি বাহিনী আগামী ১০ মার্চ রাজ্যে পাঠাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী মূলত এরিয়া ডমিনেশন, রুট মার্চ, ভোটারদের আস্থা অর্জন ও নিরাপদে ভোটদানের লক্ষ্যে , স্ট্রংরুম ও গণনা কেন্দ্রের নিরাপত্তা সুরক্ষিত রাখতে এই বাহিনীকে কাজে লাগানো হবে। উল্লেখযোগ্য, পরিস্থিতি বিচার করে ২০২৪ এর লোকসভা নির্বাচনে ভোটের আগেই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে ভোটের ডিউটি করতে এসেছিল। ২০২৬ এর বিধানসভা নির্বাচনে এসআইআর এর উত্তাপের আবহে ফের একই সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন তথা কেন্দ্র।
স্বরাষ্ট্র মন্ত্রকের ফ্যাক্স বার্তায় জানানো হয়েছে, পয়লা মার্চ যে ২৪০ কোম্পানি বাহিনী রাজ্যে আসবে তার মধ্যে ১১০ কোম্পানি সিআরপিএফ, ৫৫ কোম্পানি বিএসএফ, ২৭ কম্পানি করে আইটিবিপি ও এসএসবি এবং ২১ কোম্পানি সিআইএসএফ জওয়ান থাকবেন। দ্বিতীয় ধাপে অর্থাৎ ১০ মার্চ রাজ্যে যে কেন্দ্রীয় বাহিনী আসবে তার মধ্যে ১২০ কোম্পানি থাকবে সিআরপিএফ, ৬৫ কোম্পানি বিএসএফ, ১৬ কোম্পানি সিআইএসএফ, ২০ কোম্পানি আইটিবিপি এবং ১৯ কোম্পানি এসএসবি। আইজি সিআরপিএফ সঞ্জয় যাদব কে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর কো-অর্ডিনেটর হিসেবে উল্লেখ করে রাজ্য সরকারকে এই কেন্দ্রীয় বাহিনীকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য অবিলম্বে উপযুক্ত পরিকল্পনা তৈরি করার অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মূলত কোন কোন এলাকায় বাহিনী রুট মাঠ করবে অথবা কোন কোন এলাকায় ভোটারদের ভোটদানের জন্য আস্থা অর্জনের প্রয়োজন সেগুলোকে চিহ্নিত করা পাশাপাশি স্ট্রং রুম এবং গণনা কেন্দ্রগুলি নিরাপত্তার বিন্যাস কিভাবে হবে এই সংক্রান্ত যাবতীয় পরিকল্পনা তৈরি রাখতে বলা হয়েছে রাজ্য প্রশাসনকে।

