হেডলাইন

‘ ভোটার বন্ধু ‘ হিসেবে বিএলও-দের সম্পর্ক নিবিড় করতে কমিশনের নয়া মডিউল

 

সুদীপ্ত চট্টোপাধ্যায়

ব্লকে ব্লকে প্রাণীসম্পদ বিকাশের জন্য রয়েছেন প্রাণীবন্ধু। ঠিক তেমনই নির্বাচনী প্রক্রিয়ায় বুথে বুথে ভোটারদের বন্ধু হিসেবে কার্যকরী ভুমিকা পালনের দায়িত্ব বিএলও-র। সেকথা মাথায় রেখে এবং বিহারের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে
এবার ভোটারদের সঙ্গে বিএলও-দের সংযোগ আরও নিবিড় করতে উদ্যোগী হল নির্বাচন কমিশন। দেশের সমস্ত সিইও-দের চিঠি দিয়ে কমিশন জানিয়েছে যে দেশের প্রতিটি ভোটারকে তাঁদের সংশ্লিষ্ট বিএলও-র সঙ্গে সংযুক্ত করতে ECINet-এর সঙ্গে যুক্ত করে একটি বিশেষ মডিউল তৈরি করা হয়েছে যার নাম ” বুক এ কল উইথ বিএলও ” ( Book a Call With BLO)। এই মডিউলের মাধ্যমে সংশ্লিষ্ট বুথের ভোটাররা তাঁদের বিএলও-র সঙ্গে ভোটার তালিকা, বুথ সমস্যা থেকে নির্বাচন সংক্রান্ত নানা সমস্যা নিয়ে কথা বলতে পারবেন। এই নির্দিষ্ট মডিউলের সঙ্গে কমিশন থেকে সিইও, ডিইও থেকে ইআরও সকলেই যুক্ত থাকায় ভোটারদের যেকোন সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ভোটার তালিকার যেকোনও ত্রুটি, কোন বুথে কি পরিস্থিতি বা ভোটারদের চাহিদা তথা প্রয়োজনীয়তা সম্বন্ধেও ওয়াকিবহাল থাকবে কমিশন, সিইও থেকে জেলা ও ব্লক স্তরের কর্তারাও। তবে রাজ্যের সমস্ত বুথে বিএলও নিয়োগ সম্পূর্ণ না হলে এই উদ্যোগ সার্বিকভাবে প্রযোজ্য হবে না। সেকথা মাথায় রেখেই সমস্ত রাজ্যের সিইও দপ্তরকে দ্রুত বিএলও নিয়োগের কাজ সম্পূর্ণ করতে বলেছে কমিশন। বিএলও নিয়োগ সংক্রান্ত সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপও করতে চায় নির্বাচন কমিশন।

Share with