ভোটার তালিকায় নাম তোলার জন্য আপনার কি কি প্রয়োজন? জেনে নিন চটপট
নাগরিকত্বের প্রমাণ না হলেও আধার কার্ড যে বৈধ পরিচয়পত্র, সেই পর্যবেক্ষণেই বিহার এসআইআর মামলায় বড় নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে আধার কার্ডকে গ্রহণ করতে হবে। ফলে জাতীয় নির্বাচন কমিশন এখন আধার কার্ডকেও আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকার নথি হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর আগে ১১টি নথিকে মান্যতা দিয়েছিল কমিশন। নতুন রায়ে আধার কার্ড যুক্ত হয়ে তা দাঁড়াল ১২টি। তবে আদালত আগেই জানিয়ে দিয়েছিল,পাসপোর্ট ও জন্ম শংসাপত্র ছাড়া কোনও নথিই নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। ফলে আধারও নাগরিকত্ব প্রমাণ নয়, কিন্তু পরিচয়পত্র হিসেবে ভোটার তালিকায় গ্রহণযোগ্য।
ভোটার তালিকায় নাম তোলার জন্য ১২টি নথি:-
১. কেন্দ্র/রাজ্য সরকার বা পিএসইউ কর্মী ও পেনশনভোগীর পরিচয়পত্র বা পেনশন অর্ডার
২. ১ জুলাই ১৯৮৭-র আগে সরকার/ব্যাংক/ডাকঘর/এলআইসি/পিএসইউ কর্তৃক জারি করা পরিচয়পত্র
৩. জন্মের শংসাপত্র
৪. পাসপোর্ট
৫. মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত শংসাপত্র
৬. রাজ্য সরকারের দেওয়া স্থায়ী বসবাসের শংসাপত্র
৭. বন অধিকার শংসাপত্র
৮. ওবিসি/এসসি/এসটি জাতিগত শংসাপত্র
৯. ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস (যেখানে কার্যকর)
১০. পরিবার নিবন্ধন (রাজ্য/স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা প্রস্তুত)
১১. সরকারি জমি বা বাড়ি বরাদ্দপত্র
১২. আধার কার্ড

