হেডলাইন

ভোটের গণনাপত্র বিলির কাজ দ্রুত শেষ করার নির্দেশ সিইও দপ্তরের

সুদীপ্ত চট্টোপাধ্যায় :: যত দ্রুত সম্ভব ভোটারদের কাছে গণনাপত্র বিলি করার কাজ সম্পূর্ণ করতে হবে। বিলি করা গণনাপত্র দ্রুত সংগ্রহ করে বিএলও অ্যাপ এর মাধ্যমে গণনা পত্র জমার কাজ শুরু করতে নির্দেশ দিল সিইও দপ্তর। শনিবার সন্ধ্যেয় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে রাজ্যের ডিইও বা জেলাশাসকদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দিয়েছেন রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল। কি পদ্ধতিতে গণনা পত্রগুলি নির্দিষ্ট প্রযুক্তির মাধ্যমে ডিজিটাইজড করে নির্বাচন কমিশনের সার্ভারে আপলোড করতে হবে তাও এই বৈঠকে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট ইআরও দের মাধ্যমে বিএলও দের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ডিইও-দের। রাজ্যে ইতিমধ্যেই এসআইয়ের প্রক্রিয়া, দেড় সপ্তাহ অতিক্রম করেছে। প্রাথমিকভাবে গণনা পত্র বিলির জন্য বাধ্যতামূলক না হলেও বি এল ও দের এক সপ্তাহের সময়সীমা ধার্য করা হয়েছিল। যদিও দেড় সপ্তাহ অতিক্রম করে গেলেও চলতি সপ্তাহ শেষে অল্প সংখ্যক গণনাপত্র বিলির কাজ বাকি রয়েছে। আগামী ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য করা হয়েছে। সেই অনুযায়ী চলতি মাসের মধ্যেই রাজ্যে সমস্ত ভোটারের গণনা পত্র জমা করতে হবে বিএলও দের। সর্বশেষ তথ্য অনুযায়ী শনিবার সন্ধ্যে পর্যন্ত রাজ্যে মোট ৭ কোটি ৬৬ লক্ষ ভোটারের মধ্যে ৭ কোটি ৫৫ লক্ষ ভোটারের কাছে গণনা পত্র বিলির কাজ সম্পূর্ণ হয়েছে যা শতাংশের বিচারে ৯৮.৫% বলে জানিয়েছে সিইও দপ্তর। তাই মাসের অর্ধেক শেষ হতেই তড়িঘড়ি রাজ্যের সমস্ত জেলা শাসকদের সঙ্গে বৈঠক করে এই বার্তা দিল সিইও দপ্তর।

Share with