‘ ভূত ‘ তাড়াতে আধার তথ্য তুলে ধরে এনুমারেশন পর্ব রি-চেক করার নির্দেশ কমিশনের
সুদীপ্ত চট্টোপাধ্যায়
আর মাত্র ৪৮ ঘণ্টা। তারপরেই শেষ হবে ১২ রাজ্যে এসআইআর প্রাথমিক পর্বের কাজ। সময় যত শেষের দিকে এগোচ্ছে ততই ভোটার তালিকাকে নির্ভুল করতে চাপ বাড়াচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার ১২ রাজ্যের সিইও-দের সঙ্গে বৈঠকে আধার কর্তৃপক্ষ বা UIDAI থেকে প্রাপ্ত তথ্য তুলে ধরে নতুন করে মৃত, স্থানান্তরিত, নিখোঁজ ও ডুপ্লিকেট ভোটারদের অস্তিত্ব রয়েছে কিনা তা ফের খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই প্রায় সব রাজ্যেই এনুমারেশন ফর্ম বিলির কাজ শেষ। ফর্ম জমা ও ডিজিটাইজেশনের কাজও প্রায় সম্পূর্ণ। এই অবস্থায় ১২ রাজ্যের এসআইআর পর্বে লক্ষ লক্ষ সন্দেহজনক গরমিলের তালিকা তুলে ধরে প্রতিটি রাজ্যের সিইও-কে অগ্রাধিকারের ভিত্তিতে ফের এনুমারেশন তথ্য খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কমিশনের ফুল বেঞ্চ। তারই ফলশ্রুতিতে মঙ্গলবার রাতেই রাজ্যের সব ডিইও এবং ইআরও-দের নিয়ে বৈঠক করেন পশ্চিমবঙ্গের সিইও মনোজ কুমার আগরওয়াল। বুধবার দুপুরে রাজ্যে নিযুক্ত স্পেশাল রোল অবজার্ভার, এবং জেলায় জেলায় নিযুক্ত রোল অবজার্ভারদের সঙ্গে বৈঠক করবেন সিইও। বুধবারই সিইও দপ্তরে আসবেন কমিশনের নবনিযুক্ত ডিভিশনাল অবজার্ভাররা। তাঁরাও এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন। বৈঠকে কমিশনের ফুল বেঞ্চের বার্তা জানাবেন সিইও।
সিইও দপ্তরের তথ্য অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যে পর্যন্ত রাজ্যে মৃত ভোটার ২৪,০৮৫৭৪ এবং নিখোঁজ ভোটার ১১,২৭,৬৪৩। পাশাপাশি ১৯,৮০,৩৯৩ জন স্থানান্তরিত ভোটার, ১,৩৪,২৩২ জন ডুপ্লিকেট এবং ৫০,৭০৬ জন অন্যান্য কারণে অবৈধ ভোটার হিসেবে এসআইআর পর্বে চিহ্নিত হয়েছেন। সবমিলিয়ে মোট বাতিল ভোটারের সংখ্যা মঙ্গলবার সন্ধ্যে পর্যন্ত ৫৭,০১,৫৪৮ জন। কমিশনের রি-চেকিংয়ের চাপে এসআইআর প্রাথমিক পর্বের শেষ মুহূর্তের স্লগ ওভারে ১২ রাজ্যে কতটা চালিয়ে ব্যাট করতে পরে কমিশন সেদিকে নজর প্রশাসননিক বা রাজনৈতিক সব মহলেরই। সিইও জানিয়েছেন, ” রাজ্যে এসআইআর পর্বের কাজ শেষ পর্যায়ে। তবে কমিশনের নির্দেশ গুরুত্ব দিয়ে দেখ হবে যাতে খসড়া তলিকাকে যতটা সম্ভব নির্ভুল ও স্বচ্ছ্ব করা যায়।”

