হেডলাইন

বিচারাধীন ৬০ লক্ষ বাদে চুড়ান্ত ভোটার তালিকায় বাদ প্রায় ৮ লক্ষ

সুদীপ্ত চট্টোপাধ্যায় 

রাজ্যে খসড়া ভোটার তালিকায় আগেই বাদ গিয়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ৬৯৯ ভোটারের নাম। এদের মধ্যে অধিকাংশই মৃত, স্থায়ীভাবে স্থানান্তরিত, ডুপ্লিকেট এবং ভুয়ো ভোটার। ২৮ ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে চলেছে সেখানে বাদ যেতে পারে কমবেশি আরও ১০ লক্ষ ভোটারের নাম।
এরা হলেন শুনানিতে গরহাজিরা (৪ লক্ষ ৯৮ হাজার ) , অযোগ্য হিসেবে বিবেচিত ( ৫ লক্ষাধিক) ছাড়াও ফর্ম ৭ জনিত কারণে বহু ভোটারের নাম বাদ পড়তে পারে ২৮ ফেব্রুয়ারির চূড়ান্ত ভোটার তালিকায়। পক্ষান্তরে ফর্ম ৬ এর মাধ্যমে লক্ষাধিক ভোটারের নাম সংযুক্ত হবে এই তালিকায়।
পাশাপাশি অ্যাডজুডিকেশন বা বিচারাধীন হিসেবে এই চূড়ান্ত ভোটার তালিকার সাথে সংযোজিত থাকবে আরও ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ ভোটারের নাম। অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকায় ৫৮ লক্ষের সঙ্গে আরও কমবেশি ৮ লক্ষ নাম বাদের সম্ভাবনা। সব মিলিয়ে ২০২৫ সালের ভোটার তালিকা থেকে ৬৬ লক্ষের মত ভোটারের নাম বাদ পড়বে যারা আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার হারাবেন। ২০২৫ সালের ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষের কিছু বেশি। শনিবারের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী সেই সংখ্যা কমে দাঁড়াবে ৭ কোটির কাছাকাছি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে যাওয়ার পর ধাপে ধাপে যে অতিরিক্ত তালিকা বা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে সেখানে ভাগ্য নির্ধারিত হবে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে বিচারকদের বিচার বুদ্ধি অনুযায়ী এই বিচারাধীন ৬০ লক্ষের কিছু বেশি ভোটারের মধ্যে কতজন ভোটাধিকার পাবেন তা পরবর্তীতে অতিরিক্ত তালিকার মাধ্যমে জানা যাবে। তবে নির্বাচন কমিশন সূত্রের খবর অনুযায়ী, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ২০২৬ সালের ভোটার তালিকায় (চুড়ান্ত + অতিরিক্ত) সব মিলিয়ে ৯৫ লক্ষ থেকে ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে চলেছে ভোটার তালিকায়।

Share with