বিচারকদের নিরাপত্তায় রাজ্যে অনাস্থা !! উদ্বিগ্ন প্রধান বিচারপতিকে কেন্দ্রীয় নিরাপত্তার আশ্বাস কমিশনের
সুদীপ্ত চট্টোপাধ্যায়
এসআইআর নিয়ে রাজ্য-কমিশন সংঘাতের জের এবার নিরাপত্তার আশঙ্কা রাজ্যের বিচারব্যবস্থাতেও। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনের কাজে যুক্ত হওয়া জুডিশিয়াল অফিসার বা বিচারকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হাইকোর্ট। “নিরাপত্তা নিয়ে কোনও গাফিলতি নয়।” একথা উল্লেখ করে
নির্বাচনী নথি যাচাইয়ের কাজে বিচারকদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই আশংকায় বিচারকদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বাড়াতে হবে বলে রাজ্যকে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল।
কমিশনের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনী দ্রুত ঢুকবে রাজ্যে। বাহিনী পৌঁছলেই নির্বাচনী ডিউটিতে থাকা বিচারকদের নিরাপত্তায় আধাসেনা মোতায়েন করা হবে বলে সোমবারে হাইকোর্টের বৈঠকে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার হাইকোর্ট-কমিশন ও রাজ্য প্রশাসনের ত্রিপাক্ষিক বৈঠকে জেলায় জেলায় নির্বাচনী কাজে যুক্ত হওয়া বিচারকদের নিরাপত্তা
সুনিশ্চিত করতে কমিশন ও রাজ্য প্রশাসন উভয়কেই জানিয়েছেন প্রধান বিচারপতি। উল্লেখযোগ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি, অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনেই ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে।
প্রসঙ্গত, আইন শৃঙ্খলা যেহেতু রাজ্যের বিষয় তাই রাজ্য পুলিশের সহযোগিতা নিয়েই কেন্দ্রীয় বাহিনী কাজ করবে। যেখানে প্রয়োজন হবে সেখানেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলেও সিইও দপ্তর তথা কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। বাহিনীর গাড়িতে জিপিএস লাগানোর থাকবে ফলে রাজ্য পুলিশের পরিচালনায় কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে কিনা তা নিয়ে সরাসরি নজরদারি করবে কমিশন।

