বিচারকদের রায়ে ২৭ লক্ষের বেশি অবৈধ ভোটার, সবচেয়ে বেশি মুর্শিদাবাদে
জয় চক্রবর্তী
রাজ্যের ১০টি জেলা বাদে বাকি জেলাগুলিতে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ থাকা অভিযোগের নিষ্পত্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি করলেন জুডিশিয়াল অফিসাররা। মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫টি অভিযোগের মধ্যে এখনও পর্যন্ত ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২টির নিষ্পত্তি হয়েছে বলে সূত্রের খবর।
নিষ্পত্তিকৃত অভিযোগের ভিত্তিতে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনকে বৈধ ভোটার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অন্যদিকে, ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনকে অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, এই অবৈধ হিসেবে চিহ্নিত ব্যক্তিরা পুনরায় ট্রাইবুনালে আবেদন করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ পাবেন।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার এবং পূর্ব বর্ধমান জেলায় উল্লেখযোগ্য সংখ্যক নাম বাদ পড়েছে। এর মধ্যে মুর্শিদাবাদ জেলায় সংখ্যার বিচারে সর্বাধিক ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জনকে অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে। উল্লেখ্য, এই জেলাতেই ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ অভিযোগের সংখ্যাও ছিল সবচেয়ে বেশি।অন্যদিকে, শতাংশের হিসেবে নদিয়া জেলায় অবৈধ ভোটারের হার সর্বোচ্চ। সেখানে ২ লক্ষ ৬৭ হাজার ৯৪০টি অভিযোগের নিষ্পত্তির মধ্যে ২ লক্ষ ৮ হাজার ৬২৬টি নথি অবৈধ বলে ঘোষণা করা হয়েছে।
এছাড়াও উত্তর ২৪ পরগনায় ৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২ লক্ষ ২২ হাজার ৯২৯ জন এবং পূর্ব বর্ধমান জেলায় ২ লক্ষেরও বেশি ভোটারকে অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কোচবিহার জেলায় ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ থাকা ভোটারদের মধ্যে ৪৫ শতাংশেরও বেশি নথি অবৈধ বলে ঘোষণা হয়েছে।
এই পরিসংখ্যান রাজ্যের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বড় প্রভাব ফেলতে চলেছে বলে মনে করছেন প্রশাসনিক মহল।

