বিধানসভার ভিতরে নয় কেন্দ্রীয় বাহিনী, নোটিশ দিয়ে জানাল বিধানসভা কর্তৃপক্ষ
এবার থেকে বিধানসভার ভিতরে কোনও বিধায়ক বা মন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর প্রবেশ নিষেধ এই মর্মে নোটিশ ঝোলানো হল বিধানসভার গেটে। সোমবার শুরু হয়েছে বিধানসভার বিশেষ অধিবেশন। সোমবার থেকেই বিধানসভার গেটে বিধানসভা সচিবের স্বাক্ষরিত নোটিশ ঝোলানো হয়েছে। জানানো হয়েছে, বিধানসভার মধ্যে যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তা বিধায়কদের জন্য যথেষ্ট। বিধানসভার মধ্যে কোনও বিধায়কের কোনও ধরণের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর প্রয়োজন নেই।
প্রসঙ্গত, ভারতীয় জনতা পার্টির একাধিক বিধায়ক ব্যক্তিগত নিরাপত্তার জন্য কেন্দ্রীয় জওয়ানদের ঘেরাটোপে থাকেন। এই কেন্দ্রীয় বাহিনী বিধানসভার ভিতরে ঢুকবে কিনা তা নিয়ে দ্বন্দ্ব ছিল অনেকদিন। পরে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের বিধানসভার মধ্যে প্রবেশ নিষিদ্ধ করে রাজ্য বিধানসভা। বিষয়টি নিয়ে আদালত পর্যন্ত জল গড়ায়। বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়করা হাইকোর্টের দ্বারস্থ হন। যদিও হাইকোর্ট বিধানসভা কর্তৃপক্ষের সিদ্ধান্তকেই সিলমোহর দেয়। এরপরেই সোমবার বিধানসভার গেটে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয় কোনও বিধায়ক বা মন্ত্রী তাদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করতে পারবেন না।

