হেডলাইন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতায় মৃত ৮, মৃতের পরিবারে চাকরি দিতে উদ্যোগী রাজ্য

কলকাতায় রেকর্ড বৃষ্টিতে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ দিয়েছে আট জনের। গোটা কলকাতার বিস্তীর্ণ অংশ বিদ্যুৎহীন। এই পরিস্থিতিতে নবান্নে খোলা হল ২৪ ঘন্টার কন্ট্রোল রুম।
বিদ্যুৎ নিয়ে কোনও সমস্যা হলে কন্ট্রোল রুমে সরাসরি ফোন করতে পারবেন যে কেউ। পাশাপাশি জলমগ্ন পরিস্থিতি নিয়েও কন্ট্রোল রুমে জানাতে পারবেন।১০৭০, ৮৬৯৭৯৮১০৭০, ২২১৪৩৫২৬, ২২৫৩৫১৮৫, কন্ট্রোল রুমের এই নম্বর গুলিতে যে কেউ ফোন করতে পারবেন। কোনও ইলেকট্রিক পোস্টে তার ঝুলে থাকলে এই নম্বরে ফোন করে জানালে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া হবে।
মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক বিদ্যুৎ দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে সিইএসসির সঙ্গে অবিলম্বে কথা বলতে। বিদ্যুৎপৃষ্ট হয়ে যারা মারা গেছেন তাদের পরিবারের সদস্যদের একজনের চাকরির ব্যবস্থা যাতে করা হয় সেজন্য সিইএসসির সঙ্গে কথা বলতে হবে বিদ্যুৎ দপ্তরকে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ইতিমধ্যেই সেই পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যুৎ দপ্তরকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে
মৃতদের বাড়িতে পৌঁছেছেন প্রশাসনিক আধিকারিকরা।
যদিও ইতিমধ্যেই প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু নিয়ে শাসক -বিরোধী রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। শাসকপক্ষ এই মৃত্যুর ঘটনা নিয়ে সহানুভূতি ও সহমর্মিতার কথা জানালেও প্রশাসনিক গাফিলতির কারণে ই এই ধরনের মৃত্যুর ঘটনা বলে সোচ্চার হয়েছে বিরোধী পক্ষরা। কলকাতা শহরাঞ্চলে সিইএস সি বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকলেও এই মৃত্যুর ঘটনায় সরকারি প্রশাসন তাদের দায় এড়াতে পারে না বলে দাবি করেছেন রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্য সভার সংসদ শমীক ভট্টাচার্য। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোটা ঘটনায় রাজ্য সরকারের অপরিণামদর্শীতা ও গাফিলতির কথা তুলে ধরেন। বর্তমান উন্নত প্রযুক্তির দিনে কিভাবে শহর কলকাতায় বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮ জনের মৃত্যু হল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিরোধী দলনেতা। যদিও সিইএসসির ভূমিকায় যথেষ্টই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীকে সিইএসসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন তিনি।

Share with