বিহার থেকে বঙ্গের নির্বাচনে ইভিএম ব্যালট পেপারে প্রার্থীদের রঙিন ছবি, কমিশনের নয়া সিদ্ধান্ত
সুদীপ্ত চট্টোপাধ্যায়
নির্বাচনী প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ এবং নির্ভুল করতে এবার ইভিএম ব্যালট পেপারে নয়া পরিবর্তন আনতে চলেছে নির্বাচন কমিশন। এবার থেকে ইভিএম-এর ব্যালট পেপারে ভোট প্রার্থীর রঙিন ছবি থাকবে। একইসঙ্গে প্রার্থীর সিরিয়াল নম্বর বা ক্রমিক নম্বর যাতে সহজে দৃশ্যমান হয় সেভাবে বোল্ড ফন্টে ব্যালট পেপারে উল্লেখ করা থাকবে। যদি ভোটদাতা কোন প্রার্থীকে ভোট না দিয়ে নোটায় ভোট দিতে চান তাহলে সেক্ষেত্রেও ব্যালট পেপারে স্পষ্টভাবে বোল্ড ফন্টে নোটা-র উল্লেখ থাকবে। আসন্ন বিহার বিধানসভা নির্বাচন থেকেই এই নতুন ইভিএম ব্যালট পেপার দেখা যাবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
ব্যালট পেপারে বৈচিত্র আনতেই এই চিন্তাভাবনা বলে কমিশন সূত্রে জানানো হয়েছে। উল্লেখযোগ্য, একটি ভোট বুথে সর্বাধিক ১২০০ ভোটার ভোট দিতে পারবেন এই নিয়ম সর্বপ্রথম বিহার বিধানসভা নির্বাচনেই কার্যকর করা হচ্ছে। এবার সেই বিহারেই সর্বপ্রথম ভোট প্রার্থীর রঙিন ছবিসহ ইভিএম ব্যালট পেপার ব্যবহার করবে নির্বাচন কমিশন। বিহার বিধানসভা নির্বাচনের জন্য হালকা গোলাপি রঙের ৭০ জিএসএম পেপারের হবে
ইভিএম ব্যালট পেপার। বিহারের পর পশ্চিমবঙ্গ সহ আসন্ন ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনেও এই একই ধরনের এবং একই ফরম্যাটের ইভিএম ব্যালট পেপার ব্যবহার করা হবে বলেও জানিয়েছে কমিশন।
বস্তুত, ইভিএম ব্যালট পেপারের ডিজাইন ও প্রিন্টিং সংক্রান্ত ১৯৬১ সালের নির্বাচন পরিচালনা সংক্রান্ত আইনের ৪৯ বি ধারায় উল্লিখিত গাইডলাইন সংশোধন করে এই নয়া সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ভোটারদের সুবিধার জন্য নির্বাচন প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে গত ৬ মাসে নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়ায় আটাশটি বদল বা পরিবর্তন এনেছে। এবার ইভিএম ব্যালট পেপারে নয়া পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হযেছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইভিএম ব্যালট পেপারে ভোট প্রার্থীর ছবির নির্দিষ্ট জায়গার চার ভাগের তিন ভাগ জুড়ে ভোট প্রার্থীর রঙিন ছবি থাকবে। ভোট প্রার্থীর সিরিয়াল নম্বর বা ক্রমিক নম্বর তিরিশ পয়েন্ট সাইজের বোল্ড ফন্টে দৃশ্যমান থাকবে যাতে সহজেই তা চোখে পড়ে।

