বিজেপি শাসিত রাজ্যগুলো পারেনি, ১২ রাজ্যে এসআইআর প্রক্রিয়া পিছোল কমিশন
সুদীপ্ত চট্টোপাধ্যায়
পশ্চিমবঙ্গ পারলেও পারেনি বিজেপি শাসিত বড় রাজ্যগুলি। তার জেরেই ১২ রাজ্যে এসআইআর প্রক্রিয়া ৭ দিনের জন্য পিছিয়ে দেওয়া হল। নয়া সূচি অনুযায়ী ৯ ডিসেম্বরের পরিবর্তে পশ্চিমবঙ্গ সহ ১২ রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ১৬ ডিসেম্বর। তদ অনুযায়ী ক্লেমস এন্ড অবজেকশন পর্ব ১৬ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে। অর্থাৎ খসড়া ভোটার তালিকায় নাম সংযোজন অথবা বিয়োজন বা অন্যান্য পরিবর্তন এই সময়কালের মধ্যে করতে পারবেন যোগ্য ভোটাররা। এনুমারেশন ফর্ম পুরান অনুযায়ী সংশ্লিষ্ট ইআরও-রা প্রয়োজনে ভোটারদের হিয়ারিং এ ডেকে পাঠাবেন বা নোটিশ পাঠানোর সময়সীমা ধার্য করা হয়েছে ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ভোট বুথের পুনরবিন্যাসের কাজ করা হবে ১১ ডিসেম্বর এবং খসড়া ভোটার তালিকার প্রস্তুতির কাজ চলবে ১২ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আগামী ১০ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের জন্য যাবতীয় খসড়া ভোটার তালিকার চূড়ান্ত পর্বের স্ক্রুটিনি করা হবে। ২৬ এ নির্বাচন মুখী ৫ রাজ্য সহ ১২ রাজ্যের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি ২০২৬।

