Uncategorized

বিতর্ককে সঙ্গী করেই ফের দেশের শীর্ষে যাদবপুর বিশ্ববিদ্যালয়, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

 

সুদীপ্ত চট্টোপধ্যায় 

রাজনৈতিক বিতর্ক বা সংঘাত যতই থাক শিক্ষার উৎকর্ষতায় যে তারাই অন্যতম সেরা প্রতিষ্ঠান তা ফের প্রমাণ করলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক প্রকাশিত দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গুলির র‌্যাঙ্কিং-এ (NIRF) রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দেশে প্রথম স্থান অধিকার করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। পাশাপাশি সমস্ত ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দেশে নবম স্থান অর্জন করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। দেশের মধ্যে একমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় সেরা ১০ বিশ্ববিদ্যালয়গুলির তালিকা রয়েছে যে বিশ্ববিদ্যালয় রাজ্য সরকার দ্বারা পরিচালিত। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে বৃহস্পতিবার এই দেশজোড়া স্বীকৃতির কথা ঘোষণা করা হয়েছে। স্বাভাবিকভাবেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই কৃতিত্বে উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন,
“শিক্ষাক্ষেত্রে বাংলার অগ্রগতি ফের স্বীকৃত। যাদবপুর বিশ্ববিদ্যালয় রাজ্যকে গর্বিত করেছে।”

মূলত, উত্তাল ছাত্র রাজনীতি, অধ্যাপক ছাত্র নেতাদের সম্মুখ সমরে হওয়া পরিস্থিতি, শিক্ষা মন্ত্রীর হেনস্থা, গাড়ি ভাঙচুর, র‍্যাগিং ও ছাত্র মৃত্য, বহুদলীয় ছাত্র সংগঠনের নীতি-আদর্শের প্রেক্ষিতে বিরোধ ও পঠন-পাঠন বিঘ্নিত হওয়া ইত্যাদি নানা কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয় বার বার বিতর্কে শিরোনামে এসেছে। প্রতিবারই রাজ্যের এই আইকনিক বিশ্ববিদ্যালয়কে
ছাত্র সংঘর্ষ এমনকি ছাত্র-অধ্যাপকদের বিরোধিতার জেরে
পঠন-পাঠনের মান ও শিক্ষার উপযুক্ত পরিবেশ নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। যদিও শত জটিলতা সত্বেও শিক্ষার উৎকর্ষতায় এতটুকু হাঁটা পড়েনি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। বরং শিক্ষায় উন্নতির বিচারে রাজ্যের ঐতিহ্যবাহী কলকাতা বিশ্ববিদ্যালয়কে বারবার পিছনে ফেলে দেশের বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে অগ্রণী স্থান অর্জন করেছে দক্ষিণ কলকাতার এই বহুচর্চিত বিশ্ববিদ্যালয়। সেকারণেই মুখ্যমন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত গবেষক অধ্যাপক ছাত্র-ছাত্রী এবং কর্মীদের সাফল্যের শরিক হিসেবে অভিনন্দন জানিয়েছেন।

Share with