বঙ্গে প্রথমবার খসড়া ভোটার তালিকার সঙ্গে দ্বিতীয় তালিকা! কেন?
সুদীপ্ত চট্টোপাধ্যায়
আগামী ৯ ডিসেম্বর রাজ্যে প্রকাশিত হবে এসআইআর পরবর্তী খসড়া ভোটার তালিকা। তবে শুধু খসড়া ভোটার তালিকা নয়, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক প্রকাশিত হবে আরও একটি তালিকা। ২০২৫ সালের ভোটার তালিকায় নাম আছে অথচ এসআইআর পরবর্তী খসড়া ভোটার তালিকায় নাম নেই তাদের নামসহ অতিরিক্ত একটি তালিকা প্রকাশিত হবে। কি
কারণে নাম বাদ গেছে তার কারণও ওই তালিকায় লেখা থাকবে। যারা মৃত ভোটার বা স্থানান্তরের কারণে পুরনো বিধানসভা কেন্দ্র থেকে যাদের নাম বাদ গেছে তাদের নাম এই নয়া তালিকায় কেন বাদ গেল সেই কারণসহ উল্লেখ থাকবে। সুপ্রিম কোর্টের নির্দেশে বিহারের এসআইআর-এর পর পশ্চিমবঙ্গ সহ নির্বাচনমুখী ১২ রাজ্যে এই দ্বিতীয় তালিকা নির্বাচনী ইতিহাসে প্রথমবার প্রকাশিত হবে।
সম্প্রতি বিহারে এসআইআর-এর পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় যেখানে ৬৫ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ যাওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল একাধিক রাজনৈতিক দল।
কেন নাম বাদ গেল তা কারণসহ আলাদা তালিকা করে প্রকাশ করতে হবে বলে নির্বাচন কমিশনকে
নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনেই নির্বাচন কমিশন আগামী ৯ ডিসেম্বর প্রকাশিতব্য খসড়া ভোটার তালিকার সঙ্গে অতিরিক্ত দ্বিতীয় তালিকা প্রকাশ করবে। এই তালিকা থেকেই পরিষ্কার হয়ে যাবে মৃত ভোটার, ভুয়ো ভোটার বা অন্য কোথাও স্থানান্তরিত হয়ে যাওয়া ভোটারের নাম।
যদিও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার আগে মাসখানেক সময় পাওয়া যাবে যখন নতুনভাবে নাম তোলা বা বাদ দেওয়া যাবে। অবশ্য এই দ্বিতীয় তালিকা স্পষ্ট করবে আনুমানিক কতজন ২০২৬-এর ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছেন।

