বঙ্গে তৎপর নির্বাচন কমিশন, জেলাসফর শেষে কলকাতায় মেগা বৈঠক ২১শে
সুদীপ্ত চট্টোপাধ্যায়
বিহারের নির্বাচনী পর্ব শেষ। এবার নজরে পশ্চিমবঙ্গ।
আগামী ২১ নভেম্বর কলকাতায় রাজ্যের সমস্ত জেলাশাসক বা ডিইও-দের সঙ্গে নিয়ে সিইও দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার তথা রাজ্যে কমিশনের পর্যবেক্ষক জ্ঞানেশ ভারতী। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং জাতীয় নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এস বি জোশি এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ও এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি ইভিএম সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ বা ফার্স্ট লেভেল চেকিং হওয়ার কথা। জেলাশাসক ও জেলার ইভিএম ইঞ্জিনিয়ররা এই প্রশিক্ষণ মোতাবেক জেলায় জেলায় অন্যান্য আধিকারিকদের এবং স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের ইভিএমের কার্যপ্রণালী বোঝাবেন। তদনুযায়ী ইভিএমগুলির মক পোলও করা হবে।
আগামী ১৮ অথবা ১৯ নভেম্বর জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদল আসছে কলকাতায়। দুদিন ধরে তাঁরা কলকাতাসহ জেলাস্তরের এসআইআর এর কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন। সেই অনুযায়ী রিপোর্ট তৈরি করে কমিশনের কাছে পাঠানো হবে। ২১ নভেম্বর ইভিএম সংক্রান্ত বৈঠকের পাশাপাশি
নির্বাচন ও এসআইআর নিয়ে মেগা বৈঠক হবে নিউটাউনের ইকো পার্ক সংলগ্ন ব্যাঙ্কোয়েটে।

