দুর্গাপুজোর মুখে শহরে আসছেন প্রধানমন্ত্রী, কলকাতায় ব্যাপক যান নিয়ন্ত্রণ
দুর্গাপুজোর আগেই কলকাতা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতীয় সেনার যৌথ কমান্ডার সম্মেলনের উদ্বোধন করতে তিনি বাংলায় আসবেন। এই সফর উপলক্ষে শহরের রাস্তায় ব্যাপক যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। শুক্রবার এক বিবৃতিতে পুলিশ কমিশনার মনোজ বর্মা বিস্তারিত নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন।
কলকাতা পুলিশের নির্দেশ অনুযায়ী—
🔹 ১৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত রাজভবন দক্ষিণ গেট থেকে আরআর অ্যাভিনিউ, রেড রোড, জে অ্যান্ড এন আইল্যান্ড হয়ে মা উড়ালপুল পর্যন্ত কোনও পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে না। একই সঙ্গে এজেসি বোস উড়ালপুল, এজেসি বোস রোড থেকে হাসপাতাল রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড হয়ে রাজভবন দক্ষিণ গেট পর্যন্ত রাস্তাও বন্ধ থাকবে।
🔹 ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজভবন দক্ষিণ গেট থেকে আরআর অ্যাভিনিউ, রেড রোড, জে অ্যান্ড এন আইল্যান্ড হয়ে ফোর্ট উইলিয়াম পূর্ব গেট পর্যন্ত এবং খিদিরপুর রোডে পণ্যবাহী গাড়ি চলাচলে বিধিনিষেধ থাকবে।
এছাড়া ১৪ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ১৫ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত রাজভবনের আশপাশের সমস্ত রাস্তায় ভারী গাড়ি চলাচল একেবারেই নিষিদ্ধ থাকবে। আবার ১৪ সেপ্টেম্বর রাত ১০টা থেকে ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টে পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট, এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদী বাগ দক্ষিণ ক্রসিং সম্পূর্ণ বন্ধ থাকবে।
পুলিশ জানিয়েছে, ওই দুই দিনে প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিশেষ অতিথিদের সফরসূচি অনুযায়ী সময়সীমা আরও বাড়ানো হতে পারে। পাশাপাশি, বিভিন্ন রাস্তা ঘিরে সাধারণ যান চলাচল এবং পার্কিংয়েও সাময়িক বিধিনিষেধ জারি হতে পারে। প্রয়োজনে বিকল্প রাস্তায় যানবাহন ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।

