দুর্যোগে মৃতদের পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর, চাকরি ও আর্থিক সাহায্যের আশ্বাস
কলকাতায় প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী মৃত ব্যক্তিদের স্বজনদের আশ্বাস দেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে রাজ্য সরকার। এদিন সকাল থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশেই মৃত ব্যক্তিদের বাড়ি বাড়ি যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মেয়রের ফোনেই স্বজনহারা পরিবারগুলোর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।
বুধবার সকালে মেয়র ফিরহাদ হাকিম প্রথমে যান মোমিনপুরের এক মৃতের বাড়িতে। সেখান থেকে ঠাকুরপুকুরে গিয়ে দেখা করেন মৃত শুভ প্রামাণিকের পরিবারের সঙ্গে। মেয়রের ফোন থেকেই ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতভর বৃষ্টির পর কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোমিনপুর, খিদিরপুর, মিন্টো পার্ক, বালিগঞ্জ নেতাজিনগর, বড়িশা, ঠাকুরপুকুর সহ বেশ কয়েকটি এলাকায় মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতদের পরিবারের একজনকে চাকরি এবং ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সিইএসসি কর্তৃপক্ষকে আলাদাভাবে আর্থিক সাহায্য করারও আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

